স্থানীয় সংবাদ

বাগেরহাটে অবশেষে অবৈধ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান : ভাটা মালিকদের না পেয়ে কাঁচা ইট ধ্বংস

বাগেরহাট প্রতিনিধি ঃ বাগেরহাট জেলা সদরে অবৈধভাবে গড়ে তোলা ইটভাটায় অবশেষে খুলনার পরিবেশ অধিদপ্তর অভিযান পরিচালনা করেছে। অভিযানকারীরা বুধবার বিকেলে সদরের গোটাপাড়ার বাবুরহাট ও সাতগাছিয়া এলাকার মাত্র ৭টি অবৈধ ইটভাটার প্রায় ৪ লাখ কাঁচা ইট ধ্বংস করে দিয়েছে। এসময় ভাটা মালিকরা ঘটনাস্থলে আসে নাই। অথচ মুক্ষাইটসহ অত্র এলাকায় শত শত অবৈধ ইট ভাটা রয়েছে। এ অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম। ম্যাজিস্টেটের নির্দেশে ভাটাগুলোর কাঁচা ইট ভেঙ্গে ও পানিতে ভিজিয়ে নষ্ট করা হয়। অভিযানে পরিবেশ অধিদপ্তর বাগেরহাট জেলা কার্যালয়ের উপ-পরিচালক আসাদুর রহমান, সহকারী পরিচালক দেলোয়ার হোসেন, বাগেরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার শেখ মামুনুর রশীদসহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অভিযানের সময় কোনো ইটভাটা মালিককে ঘটনাস্থলে পাওয়া যায়নি। ফলে, কাউকে তাৎক্ষণিকভাবে জরিমানা করা সম্ভব হয়নি বলে জানিয়েছে পরিবেশ অধিদপ্তর। অভিযোগ রয়েছে, বাগেরহাট জেলা সদরের গোটাপাড়া ও বিষ্ণুপুর ইউনিয়নে শত শত অবৈধ ইটভাটায় জ¦ালানি কাঠ ব্যবহার করে আসছে। অবৈধ ভাটা প্রতি নির্ধারিত অংকে অর্থ আদায় করে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ সকল দপ্তরকে ম্যানেজ করে অসাধু ইট ব্যাবসায়ীরা প্রতিবছরই এ ব্যবসা করছে। পরিবেশ অধিদপ্তর বাগেরহাট জেলা কার্যালয়ের উপ-পরিচালক আসাদুর রহমান বলেন, ‘ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯)-এর ধারা ৬ লংঘন করে নিষিদ্ধ জ্বালানি কাঠ ব্যবহার এবং বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধিত ২০১০)-এর ধারা ১২ অমান্য করে পরিবেশগত ছাড়পত্র ছাড়া এসব পাজা পদ্ধতির ইটভাটা পরিচালিত হচ্ছিল। ‘অভিযানে ভাটাগুলোর কাঁচা ইট ধ্বংস করা হয়েছে এবং পরিবেশ সুরক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button