স্থানীয় সংবাদ

যশোরে অপহৃত গ্রামীণফোন বিক্রয় প্রতিনিধি নাটকীয়ভাবে উদ্ধার : অপহরণের সত্যতা মেলেনি

যশোর ব্যুরো ঃ যশোরে কথিত অপহরণের শিকার গ্রামীণফোনের বিক্রয় প্রতিনিধি আবিদ হোসেনকে উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার ১২ মার্চ দিবাগত রাত ১ টার দিকে সদর উপজেলার চাড়াভিটা বাজার এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।
চাঁনপাড়া পুলিশ ক্যাম্পের এসআই সিরাজুল ইসলাম জানান, আবিদ হোসেন অপহরণের শিকার হয়েছেন মর্মে বুধবার ১১ মার্চ রাতে কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ করেন তার স্ত্রী মিনি খাতুন। অভিযোগ পাওয়ার পর পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করার চেষ্টা শুরু করে।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ১২ মার্চ রাতে জানতে পারা যায় আবিদ হোসেন চাড়াভিটা বাজারের একটি দোকানের ভেতরে অবস্থান করছেন। পরে সেখানে অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, আবিদ হোসেন শারীরিকভাবে অসুস্থ ছিলেন। উদ্ধার করার পর তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে পরিবারের সদস্যরা তাকে বাড়িতে নিয়ে গেছেন।
এসআই সিরাজুল ইসলাম বলেন, আবিদের সঙ্গে কথা বলে প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে তাকে কেউ অপহরণ করেনি। তিনি ব্যক্তিগত সমস্যায় পড়ে মানসিকভাবে অবসাদগ্রস্ত হয়ে আত্মগোপনে ছিলেন এবং পরিবারকে বিভ্রান্তিকর তথ্য ও বার্তা পাঠিয়েছিলেন। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে আবিদের স্ত্রী মিনি খাতুন অভিযোগ করেন, বুধবার সকালে তার স্বামী বাড়ি থেকে বের হন। দুপুরে তিনি ফোন করে জানান খাবারের জন্য দোকানে যাচ্ছেন। এরপর থেকে তার সঙ্গে আর যোগাযোগ করা যায়নি। পরে রাত ৭টা ৫২ মিনিটের দিকে অফিস থেকে জানানো হয় তিনি দুপুরে বের হয়ে আর অফিসে ফেরেননি।
তিনি জানান, রাত ৯টা ৫ মিনিটের দিকে একটি অচেনা নম্বর থেকে কল আসে। ফোন রিসিভ করলে তার স্বামী কান্নাজড়িত কণ্ঠে তাকে বাঁচানোর আকুতি জানান। এরপর আবিদের বাবার মোবাইল ফোনে কল করে ১ লাখ টাকা বিকাশে পাঠানোর জন্য বলা হয়, অন্যথায় তাকে হত্যা করার হুমকি দেওয়া হয়। একই সঙ্গে হোয়াটসঅ্যাপেও টাকা দাবি করে বার্তা পাঠানো হয়।
এ ঘটনায় বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ করেন মিনি খাতুন। আবিদ হোসেন যশোর সদর উপজেলার বলরামপুর গ্রামের নূর মোহাম্মদের ছেলে। তিনি সদর উপজেলার ছাতিয়ানতলা অফিসে গ্রামীণফোনের মার্কেটিং সেলস প্রতিনিধি হিসেবে কর্মরত।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button