স্থানীয় সংবাদ

খুলনা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ‘বড় বাবু’র বিরুদ্ধে ঘুষ ও অনিয়মের অভিযোগ

স্টাফ রিপোর্টার ঃ খুলনা ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল-এর প্রধান সহকারী কাম হিসাবরক্ষক (বড় বাবু) মো: তরিকুল ইসলামের বিরুদ্ধে ঘুষ গ্রহণ ও বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠেছে। আউটসোর্সিং কর্মচারীদের বেতন সংক্রান্ত ফাইল আটকে রেখে ঠিকাদার প্রতিষ্ঠানের কাছ থেকে মোটা অঙ্কের টাকা দাবি করার অভিযোগ করেছেন সংশ্লিষ্টরা।
অভিযোগ সূত্রে জানা যায়, ২০২৪-২৫ অর্থবছরে হাসপাতালে কর্মরত ১৪ জন আউটসোর্সিং কর্মচারীর বেতন প্রদানের জন্য প্রশাসনিক অনুমোদন থাকা সত্ত্বেও তরিকুল ইসলাম বেতন সংক্রান্ত ফাইল আটকে রাখেন। ফলে ওই কর্মচারীরা দীর্ঘদিন ধরে বেতন না পাওয়ার সমস্যায় পড়েন। আউটসোর্সিং প্রতিষ্ঠান আল-আরাফাত সার্ভিসেস (প্রা:) লিমিটেড এর খুলনা ম্যানেজার মো: ইকবাল হোসেন অভিযোগ করে বলেন, ২০২৪-২৫ অর্থবছরে ১৪ জন আউটসোর্সিং কর্মচারীর বেতন অনুমোদনের জন্য তরিকুল ইসলাম তার কাছ থেকে দুই দফায় মোট দেড় লাখ টাকা নেন। পরবর্তীতে তিনি আরও ৪ লাখ ২০ হাজার টাকা ঘুষ দাবি করেন। তিনি আরও অভিযোগ করেন, ওই ১৪ জন আউটসোর্সিং কর্মচারীর প্রত্যেকের কাছ থেকেও ৩০ হাজার টাকা করে দাবি করা হয়। এছাড়া কর্মচারীদের মধ্যে তরিকুল ইসলামের পরিচিত চারজনকে নিয়োগ দিতে চাপ দেওয়া হয়। ওই চারজনের কাছ থেকেও প্রায় ৮ থেকে ৯ লাখ টাকা নেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
ইকবাল হোসেন আরও জানান, এর আগে ২০২২-২৩ অর্থবছরে টেন্ডারের মাধ্যমে ১৪ জন আউটসোর্সিং জনবল নিয়োগের কার্যাদেশ পায় আল-আরাফাত সার্ভিসেস ( প্রা:) লিমিটেড। সে সময়ও তরিকুল ইসলাম তাদের কাছ থেকে প্রায় ৪ লাখ টাকা ঘুষ নেন বলে অভিযোগ রয়েছে। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন তরিকুল ইসলাম। তিনি বলেন, জুন মাসে আউটসোর্সিং কর্মচারীদের বেতন প্রদানের জন্য প্রশাসনিক অনুমোদন থাকলেও ঠিকাদার প্রতিষ্ঠানের লাইসেন্স নবায়ন করা ছিল না। এ কারণে বেতন বিল পাস করা সম্ভব হয়নি বলে তিনি দাবি করেন। প্রতিষ্ঠানের লাইসেন্স নবায়নের বিষয়ে আল-আরাফাত সার্ভিসেস লিমিটেড-এর খুলনা ম্যানেজার মো. ইকবাল হোসেন বলেন, লাইসেন্সের মেয়াদ ৩০ জুন পর্যন্ত থাকে। যদি লাইসেন্স নবায়ন না থাকত, তাহলে প্রতিষ্ঠানটি কাজই পেত না। তিনি আরও বলেন, ২০২৪ সালের অক্টোবর মাসে ১৪ জন আউটসোর্সিং কর্মচারীর বেতনের জন্য প্রশাসনিক অনুমোদন আসে। কিন্তু তরিকুল ইসলাম ফাইল আটকে রেখে জুন মাসের পর তা ছাড়েন, যখন বরাদ্দের টাকা ফেরত চলে যায়।
এ ঘটনায় ভুক্তভোগীরা তরিকুল ইসলামের বিরুদ্ধে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button