খুলনায় গুলিবিদ্ধ যুবক ইমন : ঘটনাকে ঘিরে ভিন্ন তথ্য

স্টাফ রিপোর্টার ঃ খুলনায় ইমন (২৫) নামের এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। সোমবার (১৬ মার্চ) দুপুরে নগরীর লবনচরা থানাধীন মুজাহিদপাড়া সংলগ্ন একটি মাঠে এ ঘটনা ঘটে। আহত ইমন লবনচরা থানার টুটপাড়া জোড়াকল বাজার এলাকার আবুল কাশেমের ছেলে।
স্থানীয়রা জানায়, ইমন একটি ফাঁকা মাঠে ঘুড়ি উড়াচ্ছিল। দুপুর আড়াইটার দিকে তিনটি মোটরসাইকেলে করে হেলমেট পরিহিত ৭–৮ জন অস্ত্রধারী মাঠে এসে এক ব্যক্তিকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়ে ইমনের হাঁটুতে লাগে। পরে অস্ত্রধারীরা ঘটনাস্থল ত্যাগ করলে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
তবে পুলিশের দাবি, মুজাহিদপাড়ার ওই ফাঁকা মাঠে ইমনসহ আরও দুই যুবক অস্ত্র পরিচালনার প্রশক্ষণ নিচ্ছিল। প্রশিক্ষণের সময় নিজের গুলিতেই আহত হয় ইমন। তার বাম পায়ের হাঁটুর নিচে গুলি লাগে। সঙ্গে থাকা দুই যুবক তাকে রেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। খুলনা মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ তাজুল ইসলাম জানান, আহত ইমনের পা থেকে গুলি বের করতে তাকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে। সুস্থ হওয়ার পর তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।


