দৌলতপুর জুট মিলের শ্রমিকরা ফের আন্দোলনে বকেয়া মজুরী ও ঈদ বোনাসের দাবিতে

স্টাফ রিপোর্টারঃ খুলনায় বেসরকারি উদ্যোগে উৎপাদনে যাওয়া দৌলতপুর জুট মিল নামেই চালু হয়েছে তিন বছরেরও বেশি সময় বন্ধ থাকার পর ঢাকঢোল পিটিয়ে চালু হয় খুলনার দৌলতপুর জুট মিল। মিলটি ৩০ বছরের জন্য ফরচুন গ্রুপের কাছে ইজারা দেওয়া হয়েছে। বেসরকারি খাতের ওই গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান ইউনি ওয়ার্ল্ড ফুটওয়্যার টেকনোলজি সেখানে নতুন করে উৎপাদন কার্যক্রম শুরু করেছে। লোকসানের কারণ দেখিয়ে ২০২০ সালের ১ জুলাই খুলনা নগরীর খালিশপুর শিল্পাঞ্চলে অবস্থিত দৌলতপুর জুট মিল বন্ধ করে দেয় বাংলাদেশ পাটকল করপোরেশন (বিজেএমসি)। পরে ৩০ বছরের জন্য মিলটি ফরচুন গ্রুপকে ইজারা দেওয়া হয়। ২০২৩ সালের ৪ সেপ্টেম্বর মিলটি তাদের কাছে হস্তান্তর করে বিজেএমসি। ইজারা বাবদ প্রতি বছর ফরচুন গ্রুপ সাড়ে ৯ লাখ টাকা বিজেএমসিকে দেবে। পাঁচ বছর পরপর ১০ শতাংশ করে বাড়ানো হবে ভাড়া। ইজারা নেওয়ার সময় বিজেএমসিকে অগ্রিম সাড়ে তিন কোটি টাকা দিয়েছে ফরচুন গ্রুপ। সম্প্রতি শ্রমিকদের বকেয়া মজুরী পরিশোধ না করেই মিলটি লে অফ ঘ্ষোণা করে কর্তৃপক্ষ। এ নিয়ে শ্রমিকরা আন্দোলন করলে কর্তৃপক্ষের আশ্বাসে তারা আন্দোলন স্থগিত করে। কর্তৃপক্ষের কথা অনুযায়ী বকেয়া দু’ মাসের (ফেব্রুয়ারী ও মার্চ) বেতন ও ঈদ বোনাস না দেয়ায় রবিবার সকাল ৯টা থেকে শ্রমিকরা মিল গেটে অবস্থান কর্মসূচী পালন করে। দুপুর ২টা পর্যন্ত তাদের এ কর্মসূচী চলে। এ সময় বক্তৃতা করেন শ্রমিক নেতা জয়নাল আবেদীন, শেখ ফরিদ, মোফাজ্জেল হোসেন, আখতার হোসেন, নজরুল ইসলাম, আলী আকবর, আঃ কুদ্দুস, বিএনপি নেতা কালাম, রফিকুল ইসলাম প্রমূখ। মহা ব্যবস্থাপক ইসহাক আলী জানান, বকেয়া এক মাসের বেতন ও ঈদ বোনাস গতকাল প্রদান করা হয়েছে।


