স্থানীয় সংবাদ

সাংবাদিক পরিচয়ে চিকিৎসকের পরিবারকে জিম্মি করে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ

যশোর ব্যুরো ঃ যশোরে সাংবাদিক পরিচয়ে একটি চক্রের বিরুদ্ধে এক চিকিৎসক ও তার পরিবারকে জিম্মি করে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। ভুক্তভোগী মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মো. রাফসানজানি মঙ্গলবার ১৮ মার্চ প্রেসক্লাব যশোরে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন।
তিনি জানান, গত ৮ মার্চ ‘স্বদেশ বিচিত্রা’র সাংবাদিক পরিচয়ধারী আসিফ আকবর সেতু তার সঙ্গে যোগাযোগ করেন এবং ‘যশোর জার্নাল’ নামে একটি ফেসবুক পেজে তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে বলে জানান। পরে ওই ঘটনা নিয়ে সংবাদ প্রকাশ ঠেকাতে প্রথমে ৩০ হাজার টাকা দাবি করা হয়।
অভিযোগ অনুযায়ী, ১২ মার্চ রাতে যশোর শহরের মাইকপট্টি এলাকায় একটি টেলিভিশনের সাংবাদিক তার অফিসে ডা. রাফসানজানি ও তার স্ত্রীকে জিম্মি করে রাখেন। এ সময় ক্যামেরার সামনে বসিয়ে ২০ লাখ টাকার প্যাকেজ দাবি করা হয়।এর মধ্যে সাংবাদিকদের জন্য ১০ লাখ এবং তার শ্যালিকাকে মামলা থেকে বিরত রাখতে আরও ১০ লাখ টাকা চাওয়া হয়। টাকা না দিলে চাকরিচ্যুতি ও মানহানির হুমকি দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়,চিকিৎসকের ১৭ বছর বয়সী শ্যালিকা সামিয়া আফরুজ গত ১৫ মার্চ নিখোঁজ হন। এ ঘটনায় ১৬ মার্চ হাতীবান্ধা থানায় জিডি করা হয়েছে। পরে ডিবি পুলিশের তথ্য অনুযায়ী, তাকে মণিরামপুর এলাকায় অবস্থান করতে দেখা গেছে বলে দাবি করা হয়।
ভুক্তভোগীর অভিযোগ,একটি সংঘবদ্ধ চক্র মেয়েটিকে নিজেদের নিয়ন্ত্রণে রেখে মোবাইল মেসেজের মাধ্যমে বারবার টাকা আদায়ের চেষ্টা করছে এবং মামলা ও সংবাদ প্রকাশের ভয় দেখাচ্ছে।
ডা. রাফসানজানি বলেন, অভিযোগের ভিত্তিতে সংবাদ প্রকাশের পরিবর্তে এভাবে চাঁদা দাবি ও হয়রানি সাংবাদিকতার নীতিবহির্ভূত। তিনি চক্রটির হাত থেকে মুক্তি ও পরিবারের নিরাপত্তা নিশ্চিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।
সংবাদ সম্মেলনে তার স্ত্রী সাজেদা আফরুজ, শ্বশুর সাজেদুর রহমান ও শাশুড়ি সেলিনা বেগম উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button