যশোরে চাঁদা না দেওয়ায় জমি দখলের অভিযোগ: হুমকি

যশোর ব্যুরো ঃ যশোর সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়নের জঙ্গলবাধাল এলাকায় চাঁদা না দেওয়ায় জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী বিশ্বেশ্বর বসু কোতোয়ালী থানায় লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগে জানা যায়, একই এলাকার তবিবার রহমান ও মীর ফিরোজ হোসেন গত ১৫ দিন ধরে তার কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা জঙ্গলবাধাল মৌজার বিভিন্ন দাগে থাকা প্রায় ৫৯ শতক জমি জোরপূর্বক দখল করে তাকে বেদখল করে রাখেন।
মঙ্গলবার সকালে নিজ জমিতে যেতে চাইলে অভিযুক্তরা তাকে বাধা দেয় এবং পুনরায় চাঁদা দাবি করে। এ সময় টাকা না দিলে মারধর ও হত্যার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ করেন ভুক্তভোগী।
বিশ্বেশ্বর বসু জানান, অভিযুক্তদের ভয়ে তিনি আতঙ্কে রয়েছেন এবং স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা ব্যর্থ হওয়ায় আইনি সহায়তা চেয়েছেন। এ বিষয়ে কোতোয়ালী থানার এসআই মোজাম্মেল হোসেন বলেন, অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



