স্থানীয় সংবাদ

সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের মাঝে নৌবাহিনী ও জেলা প্রশাসনের আর্থিক সহায়তা প্রদান

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি ঃ বাগেরহাটের মোংলা-খুলনা মহাসড়কের গুনাই ব্রিজ সংলগ্ন এলাকায় নৌবাহিনীর বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
বুধবার (২৮ মার্চ) দুপুরে মোংলার জেলা পরিষদ ডাকবাংলোতে নৌবাহিনী ও জেলা প্রশাসন প্রদত্ত এ সহায়তার টাকা নিহতদের পরিবারের হাতে তুলে দেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম।
নৌবাহিনীর পক্ষ থেকে নিহত প্রত্যেকজন বাবদ তাদের পরিবারকে ১ লাখ টাকা করে দেয়া হয়েছে। আর জেলা প্রশাসনের পক্ষ থেকে মোংলার ৯ জনের পরিবারকে দেয়া হয়েছে মোট ২ লাখ ৪০ হাজার টাকা। অপরদিকে জেলা প্রশাসন থেকে রামপালের মাইক্রোবাস চালকের পরিবারকে দেয়া হয়েছে ৫০ হাজার টাকা।
বুধবার মোংলার ৯ জন ও রামপালের ১ জনের পরিবারকে এ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার খুলনার কয়রার ৪ জনের পরিবারের কাছে নগদ সহায়তা প্রদাণ করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক অনুপ দাস, মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমি, নৌবাহিনীর খুলনা নৌ অঞ্চলের কমান্ডার রিয়ার এডমিরাল একেএম জাকির হোসাইন, মোংলা দিগরাজ নৌঘাঁটির অধিনায়ক ক্যাপ্টেন মোহাম্মদ জুবায়ের শাহীন, মোংলা-রামপাল সার্কেলের সহকারী পুলিশ সুপার রেফাতুল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য, ১২ মার্চ মোংলা-খুলনা মহাসড়কের গুনাই ব্রিজ সংলগ্ন এলাকায় খুলনাগামী নৌবাহিনীর বাস ও মোংলাগামী মাইক্রোবাসের সংঘর্ষে ১৪ জন নিহত হয়। এরমধ্যে ছিলো মোংলার বিএনপি নেতা আঃ রাজ্জাক পরিবারের ৯ জন, তার নতুন পুত্রবধূসহ তাদের পরিবারের ৪ জন এবং মাইক্রোচালক।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button