রূপসার জাবুসা বিলে ধানচাষ করা বোরিং এর যন্ত্রপাতি চুরি : থানায় লিখিত অভিযোগ

# প্রতিপক্ষরা নিজের দোষ ধামাচাপা
দিতে দু-ভাইয়ের নামে মিথ্যা অভিযোগ
স্টাফ রিপোর্টার : রূপসার বাগমারা গ্রামস্থ জাবুসা বিলে ধানচাষ করা বোরিং মেশিনের মাথার অংশ সহ সাথে থাকা কল চুরি হয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এঘটনায় ভুক্তভোগী মো. ইসমাইল তালুকদার রূপসা থানায় অজ্ঞাতনামা চোরদের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন। লিখিত অভিযোগে বলা হয়েছে, উপজেলার নৈহাটী ইউনিয়নের বাগমারা এলাকার মো. খলিলুর রহমান তালুকদারের ছেলে মো. ইসমাইল তালুকদার প্রতিদিনের ন্যায় ১৬ মার্চ সন্ধ্যা অনুমানিক ৫ টা পর্যন্ত জাবুসা বিলে ধানচাষের বোরিং এর মাধ্যমে পানি সেচ করে। পরবর্তীতে ভুক্তভোগী ইসমাইল ১৭ মার্চ বিকেল ৪ টা ৪৫ মিনিটে জমিতে গিয়ে দেখে বোরিং এর মাথার অংশ সহ সাথে থাকা দামি কলটি চুরি হয়ে। ১৬ মার্চ সন্ধ্যা ৫ টা হতে ১৭ মার্চ বিকেল আনুমানিক ৪ টা ৪৫ মিনিটের মধ্যে অজ্ঞাতনামা চোরেরা যে কোন সময় তার জমিতে প্রবেশ করে উক্ত মালামাল নিয়ে যায় বলে তার ধারণা। এমনকি চুরি করে নেওয়ার পর ওই স্থানে বিভিন্ন ধরনের আবর্জনার স্তুপ করে রেখে যায়। যা তদন্ত করলে সত্যতা প্রমাণিত হবে বলে অভিযোগকারীর দাবি। এছাড়া চোরেরা বোরিং এর ভিতরে কাঁদা দিয়ে ভরাট করার কারনে প্রায় ১০-১২ বিঘা জমিতে সেচ পানি সরবরাহ বন্ধ হয়ে যায়। যার ফলে ভুক্তভোগী এই বোরিংটি অকেজো হওয়ার কারনে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে তিনি জানান। এদিকে, ভুক্তভোগী ইসমাইল চোরদের বিরুদ্ধে সন্দেহ হলেও তাদের নাম উল্লেখ না করে অজ্ঞাতনামা চোরদের বিরুদ্ধে রূপসা থানায় একটি লিখিত অভিযোগ করেন। প্রবাদ আছে চোরের মনে পুলিশ। সেই প্রবাদের অংশ হিসেবে প্রতিপক্ষরা নিজের দোষ ধামাচাপা দিতে বিষয়টিকে ভিন্নখাতে প্রবাহিত করতে ভুক্তভোগী ইসমাইল ও তার ভাইয়ের নাম উল্লেখ করে উল্টো রূপসা থানায় অহেতুক মিথ্যা অভিযোগ করেছে বলে ইসমাইল তালুকদারের অভিযোগ। এ বিষয়ে প্রতিকারের দাবি জানিয়েছেন ভুক্তভোগী।



