স্থানীয় সংবাদ

নড়াইলে ফিলিং স্টেশনে তেল না পেয়ে ব্যবস্থাপককে ট্রাক চাপায় হত্যার অভিযোগ

নড়াইল প্রতিনিধিঃ নড়াইলে ট্রাকে তেল দিতে না পারায় তানভীর ফিলিং স্টেশনের ব্যবস্থাপক নাহিদ সরদারকে (৩৩) ট্রাক চাপা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে।এ ঘটনায় ফিলিং স্টেশনের কর্মচারী জিহাদ মোল্যা (২৭) গুরুত্ব আহত হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। রোববার ( ২৯ মার্চ) রাত প্রায় দুইটার দিকে নড়াইল সদর উপজেলার তুলারামপুর ইউনিয়নের নড়াইল-যশোর সড়কের তুলারামপুর রেল ব্রিজের সন্নিকটে এ ঘটনা ঘটে। নিহত নাহিদ সরদার সদর উপজেলার তুলারামপুর ইউনিয়নের পেড়লী গ্রামের আকরাম সরদারের ছেলে এবং আহত জিহাদ মোল্যা একই ইউনিয়নের চামরুল গ্রামের জহুর আলীর ছেলে। ফিলিং স্টেশনের কর্মচারী আখের আলী ও মো: ইসরাফিল জানান, শনিবার রাত সাড়ে ১১টার দিকে নড়াইল সদর উপজেলার তুলারামপুরে নড়াইল-যশোর সড়কের পাশে অবস্থিত মেসার্স তানভীর ফিলিং এন্ড গ্যাস স্টেশনে ট্রাকের জন্য ডিজেল নিতে আসেন পেড়লী গ্রামের ট্রাক চালক সুজাত মোল্যা।ফিলিং স্টেশনে তেল না থাকায় তেল দিতে অপারগতা প্রকাশ করেন ব্যবস্থাপক নাহিদ সরদার। তেল না দেওয়ায় ট্রাক চালক সুজাতের সাথে বাগবিতন্ডা হয় ব্যবস্থাপক নাহিদের। বাগবিতন্ডার এক পর্যায়ে ট্রাক চালক সুজাত ফিলিং স্টেশনের ব্যবস্থাপককে ট্রাক চাপা দিয়ে হত্যার হুমকি দেন। পরে রাত প্রায় দুইটার দিকে মোটরসাইকেল যোগে নিজ গ্রাম পেড়লীর যাচ্ছিলেন ব্যবস্থাপক নাহিদ ও কর্মচারী জিহাদ।ফিলিং স্টেশন থেকে ১০০ গজ দুরে গেলে ট্রাক চালক সুজাত মোটরসাইকেলের পিছন দিক দিয়ে এসে চাপা দেন।এতে ঘটনাস্থলে ব্যবস্থাপক নাহিদ সরদার মারা যান। মারাত্মক আহত অবস্থায় জিহাদ মোল্যাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর ট্রাক চালক ট্রাক নিয়ে পালিয়ে যান। তুলারামপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সেকেন্দার আলী বলেন,বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে আটকের জোর চেষ্টা চালানো হচ্ছে।#

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button