খুলনায় দস্যুতা মামলার আসামি গ্রেপ্তার

স্টাফ রিপোর্টারঃ খুলনায় দস্যুতা মামলার আসামি শাওনকে (২৫) গ্রেপ্তার করেছে র্যাব-৬ এর সদস্যরা। শনিবার রাত পৌনে ৩ টার দিকে নগরীর হরিণটানা থানাধীন জিরো পয়েন্ট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার শাওন সোনাডাঙ্গা থানার নাজিরঘাট এলাকার বাসিন্দা আজগরের ছেলে।র্যাব-৬ এর অধিনায়ক (সিও) নিস্তার আহমেদ জানান, গত ১৬ ফেব্রুয়ারি রাত সোয়া ১০ টার দিকে ভিকটিম আকাশ শেখ শেরে বাংলা রোড নিরালা সেবা ক্লিনিকের দক্ষিণ পাশে দাঁড়িয়ে মোবাইল ফোনে কথা বলছিলেন। এ সময় গ্রেপ্তার শাওনসহ অন্যান্য আসামিরা একটি ইজিবাইকে এসে আকাশকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ব্যবহৃত মোটরসাইকেল, একটি স্মার্ট মোবাইল ফোন এবং পকেটে থাকা নগদ ১৫ হাজার টাকা ছিনিয়ে নেয়।পরবর্তীতে ডাকচিৎকারে স্থানীয়রা চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পুলিশের পাশাপাশি র্যাবও এ ঘটনায় ছায়া তদন্ত শুরু করে। বিভিন্ন গোয়েন্দা সোর্সের কাছ থেকে প্রাপ্ত তথ্য নিয়ে শনিবার রাত পৌনে ৩ টার দিকে হরিণটানা থানাধীন জিরো পয়েন্ট সংলগ্ন জননী ভাতের হোটেলের সামনে থেকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য খুলনা থানায় হস্তান্তর করা হয়।



