খুলনা বিভাগে দুই দিনে হামে আক্রান্ত ১৪৪ শিশু : নেই মৃত্যু খবর

স্টাফ রিপোর্টার ঃ খুলনা বিভাগের ছয় জেলায় গত দুই দিনে মোট ১৪৪ জন শিশু হামে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে। তাদের বিভিন্ন সরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে এখন পর্যন্ত এ রোগে কোনো মৃত্যু খবর পাওয়া যায়নি।
খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২৯ ও ৩০ মার্চ এই দুই দিনে আক্রান্তদের শনাক্ত করা হয়। এর মধ্যে ৩০ মার্চ শনাক্ত হয় ৬৬ জন। ওইদিন যশোরে ১০ জন, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ৪ জন, কুষ্টিয়ায় ৪৭ জন, মাগুরায় ৩ জন এবং মেহেরপুর ও নড়াইলে ১ জন করে শিশু আক্রান্ত হয়।
এর আগের দিন ২৯ মার্চ শনাক্ত হয় ৭৮ জন। এদের মধ্যে কুষ্টিয়ায় ৬৩ জন, যশোরে ৬ জন, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ৩ জন, মাগুরায় ২ জন, সাতক্ষীরায় ১ জন এবং ঝিনাইদহে ২ জন শিশু আক্রান্ত হয়। খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. মো. মুজিবুর রহমান জানান, বিভিন্ন সরকারি হাসপাতালে সন্দেহজনক হামের রোগী ভর্তি হচ্ছে এবং বিষয়টি নিয়ে স্বাস্থ্য বিভাগ সতর্ক অবস্থানে রয়েছে। হামের চিকিৎসার জন্য বিশেষ নির্দেশনাও দেওয়া হয়েছে।
পরিস্থিতি মোকাবিলায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের পাশে পৃথক ‘হাম কর্নার’ চালু করা হয়েছে। বর্তমানে সেখানে চারজন শিশুকে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, ভর্তি থাকা শিশুদের মধ্যে তিনজনের বয়স এক বছরের কম এবং তাদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. আইনুল ইসলাম বলেন, আক্রান্ত শিশুদের অবস্থা স্থিতিশীল রয়েছে। নতুন রোগী এলে প্রয়োজন অনুযায়ী মীরের ডাঙ্গা সংক্রামক ব্যাধি হাসপাতালে পাঠানো হবে এবং প্রয়োজন হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হবে।
চিকিৎসকরা জানিয়েছেন, সময়মতো সঠিক চিকিৎসা পেলে হাম থেকে সুস্থ হওয়া সম্ভব। তাই অভিভাবকদের আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।



