স্থানীয় সংবাদ

সাতক্ষীরায় ৭ হাজার লিটার পেট্রোলসহ ট্রাক জব্দ : আটক ৫

সাতক্ষীরা প্রতিনিধি ঃ সাতক্ষীরায় অবৈধভাবে পরিবহনের সময় ৭ হাজার লিটার পেট্রোলসহ যমুনা পেট্রোলিয়ামের লোগোযুক্ত একটি ট্রাক জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় ট্রাকচালকসহ মোট ৫ জনকে আটক করা হয়েছে। সোমবার (৩০ মার্চ) ভোররাতে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল পেয়ে সাতক্ষীরা সদর উপজেলার গাভা এলাকা থেকে ট্রাকটি জব্দ করা হয়। আটক ট্রাকচালকের নাম মো. রিপন শেখ (৩৮)। তিনি খুলনা জেলার খালিশপুর এলাকার বাসিন্দা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোররাতে গাভা এলাকায় সন্দেহজনকভাবে একটি ট্রাক দাঁড়িয়ে থাকতে দেখে স্থানীয়রা ৯৯৯-এ ফোন দেন। পরে সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটির কাগজপত্র দেখতে চাইলে চালক তা দেখাতে ব্যর্থ হন। এ সময় অবৈধভাবে জ্বালানি পরিবহনের অভিযোগে ৭ হাজার লিটার পেট্রোলসহ ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে যাওয়া হয় এবং চালককে আটক করা হয়। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, জব্দ করা ট্রাকটি পুলিশের হেফাজতে রয়েছে এবং আটক চালককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এদিকে, সোমবার বিকেলে জব্দ করা পেট্রোলের দাবিদার চার ডিলারকে জেলা প্রশাসকের কার্যালয়ে নেওয়া হয়। তারা হলেন- মেসার্স ভাই ভাই স্টোরের স্বত্বাধিকারী শফিকুল ইসলাম, মেসার্স আলেয়া অয়েল সাপ্লাইয়ের মো. ইউনুস আলী মৃধা, মেসার্স সাদিয়া এন্টারপ্রাইজের ইউসুফ আলী এবং মেসার্স এম এ জলিল এন্টারপ্রাইজের মো. জলিল। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস জানান, যমুনা পেট্রোলিয়াম কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানিয়েছে, ওই পেট্রোল তাদের সরবরাহকৃত নয়। এ কারণে দাবিদার চার ডিলারকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button