নাম-ছবি ব্যবহার করে প্রভাব বিস্তার না করতে সতর্ক করলেন হুইপ

খবর বিজ্ঞপ্তি ঃ নিজের নাম ও ছবি ব্যবহার করে কোনো ধরনের প্রচারণা চালানো কিংবা ব্যক্তিগত ও রাজনৈতিক স্বার্থে প্রভাব বিস্তারের চেষ্টা না করতে কঠোর সতর্কবার্তা দিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও খুলনা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল। বুধবার (১ এপ্রিল) মহানগর বিএনপির মিডিয়া সেল প্রদত্ত খবর বিজ্ঞপ্তিতে তিনি বলেন, তাঁর নাম ও ছবি ব্যবহার করে কোনো ধরনের প্রচারণা চালানো যাবে না। এছাড়া তাঁর বাসা বা বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে পাশে দাঁড়িয়ে তোলা ছবি দেখিয়ে অনৈতিক সুবিধা গ্রহণ বা প্রভাব বিস্তারের চেষ্টা করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে সাংগঠনিক ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। হুইপ আরও বলেন, ব্যক্তিগত বা রাজনৈতিক স্বার্থে তাঁর নাম ও ছবি ব্যবহার করে বিভ্রান্তি সৃষ্টি করা অনভিপ্রেত। এ ধরনের কর্মকা- থেকে বিরত থাকার জন্য সকলকে দলীয় শৃঙ্খলা ও নৈতিকতা বজায় রাখার আহ্বান জানান তিনি। এছাড়া কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান এ ধরনের অনভিপ্রেত পরিস্থিতির শিকার হলে নির্ধারিত মোবাইল/হোয়াটসঅ্যাপ নম্বরে (০১৭১৫-০০১৯৫৫) অভিযোগ জানানোর অনুরোধ জানানো হয়েছে। অভিযোগকারীর পরিচয় গোপন রাখা হবে বলেও নিশ্চিত করা হয়েছে।



