দিঘলিয়া থেকে নিখোঁজের চার মাস পর কিশোর সিয়ামকে যশোর থেকে উদ্ধার করল পিবিআই

দিঘলিয়া প্রতিনিধি ঃ দিঘলিয়া উপজেলার সদর ইউনিয়নের পানিগাতী গ্রাম থেকে ৪ মাস আগে নিখোঁজ কিশোর আলিমুর সিয়ামকে যশোর থেকে উদ্ধার করেছে খুলনার পিবিআই। সূত্র থেকে জানা যায়, খুলনার দিঘলিয়া উপজেলার পানিগাতী গ্রাম থেকে নিখোঁজ হওয়া ১৪ বছর বয়সী কিশোর আলিমুর ওরফে সিয়াম নিখোঁজ হয়। নিখোঁজ সিয়ামকে দীর্ঘ চার মাস পর যশোরের বেনাপোল থেকে উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), খুলনা জেলা।
গতকাল বুধবার (১ এপ্রিল) রাত ২.৩০ মিনিটের সময় বেনাপোল পোর্ট থানা এলাকার একটি রেস্টুরেন্ট থেকে তাকে উদ্ধার করা হয়।
মামলা সূত্রে জানা যায়, দিঘলিয়ার পানিগাতী (পূর্বপাড়া) গ্রামের মোঃ মিরাজ শেখের পুত্র আলিমুর সিয়াম নিখোঁজ হওয়ার পর তার পরিবার চারজনের বিরুদ্ধে অপহরণ ও অবৈধভাবে আটকে রাখার অভিযোগ এনে খুলনার বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল নং-১ এ একটি পিটিশন মামলা দায়ের করেন। আদালত মামলাটি তদন্তের জন্য পিবিআই খুলনা জেলাকে নির্দেশ প্রদান করেন।
পিবিআই খুলনা জেলা ইউনিট ইনচার্জ পুলিশ সুপার রেশমা শারমিন, পিপিএম-সেবা এর নির্দেশনায় মামলাটির তদন্তভার গ্রহণ করেন এসআই (নিঃ) গুলশান আরা শিলা। পিবিআইয়ের একটি চৌকস দল দীর্ঘ তদন্তের পর ভিকটিমের ব্যবহৃত ‘টিকটক আইডির’ সূত্র ধরে তার অবস্থান শনাক্ত করতে সক্ষম হয়।
পরবর্তীতে বেনাপোল পোর্ট থানা পুলিশের সহায়তায় নিত্যহাট মেয়র মার্কেটের “ঢাকা বিরিয়ানি হাউজ” নামক একটি প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। সেখানে ওই রেস্টুরেন্টের মালিক মোঃ আজাদ মাহমুদের হেফাজত থেকে সিয়ামকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে উদ্ধারকৃত সিয়াম জানায়, পড়াশোনার অতিরিক্ত চাপে অতিষ্ঠ হয়ে গত ২২ সেপ্টেম্বর ২০২৫ তারিখে স্কুল যাওয়ার নাম করে সে বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর সে পরিবারের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে বেনাপোল এলাকায় চলে আসে এবং উক্ত রেস্টুরেন্টে কাজ শুরু করে। দীর্ঘ ৪ মাস সে সেখানেই অবস্থান করছিল।
পিবিআই জানায়, অপহরণ মামলার তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উন্মোচিত হয়েছে এবং ভিকটিমকে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা নেওয়া হচ্ছে। দিঘলিয়া থানার এসআই লিটন জানান, আমরা শুনেছি। অফিসিয়ালি কিছু জানানো হয়নি।



