যশোরে সাড়ে ছয় কোটি টাকার ডায়মন্ড উদ্ধার, ভারতীয় নাগরিক আটক

মোঃ মোকাদ্দেছুর রহমান রকি যশোর থেকে ঃ যশোরে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি)’র চৌকসদল বিশেষ অভিযান চালিয়ে সাড়ে ৬ কোটি ৬২ লাখ টাকার ডায়মন্ড (হীরক) ও বিভিন্ন বিদেশি মুদ্রাসহ এক ভারতীয় নাগরিককে গ্রেফতার করেছে। গতকাল বৃহস্পতিবার ২ এপ্রিল যশোর-ঝিকরগাছা মহাসড়কের যশোর সদরের নতুনহাট বাজার সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ডায়মন্ডসহ উক্ত ভারতীয় নাগরিককে গ্রেফতার করা হয়। বিজিবি ৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, এক প্রেস বিজ্ঞপ্তি মাধ্যমে গণমাধ্যম কর্মীর উদ্দেশ্যে জানান, গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর একটি বিশেষ টহল দল অভিযান চালিয়ে আনুমানিক ১৫৫ দশমিক ৭৬ গ্রাম ওজনের ডায়মন্ড উদ্ধার। এ সময় ডায়মন্ড নিজ হেফাজতে রাখার অভিযোগে সুজাউদ্দিন (৫২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে। তিনি ভারতের তামিলনাড়ু রাজ্যের আবুবক্কারের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক সুজাউদ্দিন বিজিবি’কে জানান, ঢাকা থেকে সংগ্রহ করা এসব ডায়মন্ড যশোর হয়ে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন। সেগুলো কলকাতায় এক অজ্ঞাত ব্যক্তির কাছে হস্তান্তরের পরিকল্পনা ছিল। বিজিবি আরও জানায়, গত এক মাসে তিনি থাইল্যান্ড, মালয়েশিয়া, বাংলাদেশ ও ভারতে একাধিকবার যাতায়াত করেছেন। আটকের পর পুলিশের উপস্থিতিতে যশোরের ডায়মন্ড ওয়ার্ল্ডের প্রতিনিধি জব্দকৃত পাথরগুলো পরীক্ষা করে প্রাথমিকভাবে ডায়মন্ড হিসেবে শনাক্ত করেন। জব্দকৃত ডায়মন্ডের আনুমানিক মূল্য ৬ কোটি ৬১ লাখ ৩৯ হাজার ৫৯০ টাকা। এ সময় তার দখল হতে বাংলাদেশি নগদ ৫ হাজার ৫শ’ ৩০ টাকা, ৫ হাজার ৮শ’ ৮০ ভারতীয় রুপি ( বাংলাদেশী মূল্য ৭ হাজার ৭শ’ ৬১ টাকা), ৫৫০ মার্কিন ডলার (মূল্য ৬৭ হাজার ৬৫০ টাকা), ২০০ থাই বাথ (মূল্য ৭৫০ টাকা), একটি মোবাইল ফোন ও একটি ডিজিটাল ঘড়ি উদ্ধার করা হয়। সব মিলিয়ে জব্দকৃত মালামালের মোট সিজার মূল্য দাঁড়িয়েছে ৬ কোটি ৬২ লাখ ৬৫ হাজার ১৬১ টাকা। এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে যশোর কোতয়ালি মডেল থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন। বিজিবি’র সদস্যরা ভারতীয় নাগরিককে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে এবং জব্দকৃত ডায়মন্ড ও বিদেশি মুদ্রা যশোর ট্রেজারিতে জমা প্রক্রিয়াধীন রাখা হয়েছে।



