স্থানীয় সংবাদ

কেকেবিএইউকে মানসম্মত উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার প্রত্যয়

# নবনিযুক্ত শিক্ষক ও কর্মচারীদের পরিচিতি সভা #

খবর বিজ্ঞপ্তি ঃ ২ এপ্রিল বৃহস্পতিবার বেলা ১টায় খুলনা খান বাহাদুর আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ে (কেকেবিএইউ) নবনিযুক্ত শিক্ষক ও কর্মচারীদের এক পরিচিতি অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য (ডেজিগনেট) প্রফেসর ড. মোঃ আনিসুর রহমান। তিনি বলেন, একটি বিশ্ববিদ্যালয়ের অগ্রগতি অর্জনের ক্ষেত্রে শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী মিলে একটি পরিবারের মতো। তাই সবার সম্মিলিত প্রচেষ্টা ছাড়া সমৃদ্ধি অর্জন সম্ভব হয় না। তিনি এ বিশ্ববিদ্যালয়কে মানসম্মত উচ্চশিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে বিশ্ববিদ্যালয় পরিচালনা কর্তৃপক্ষের প্রচেষ্টা, লক্ষ্য ও উদ্দেশ্যের কথা ব্যক্ত করে এ লক্ষ্য অর্জনে সবার সহযোগিতা কামনা করেন। এর আগে তিনি বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত শিক্ষক, কর্মচারীদের স্বাগত জানান। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এস এম আতিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডিন প্রফেসর ড. আনোয়ারুল হক জোয়ারদার এবং পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ মিজানুজ্জামান। এ সময়ে বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত শিক্ষক ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। নবনিযুক্ত শিক্ষকদের মধ্যে আইএসএলএম বিভাগে সহকারী অধ্যাপক পদে ড. মোঃ নূরুল ইসলাম, সিএসই বিভাগের সহকারী অধ্যাপক (গণিত) পদে শিলা খাতুন, সিএসই বিভাগের প্রভাষক (গণিত) পদে মোঃ রাকিব হাসান, সিএসই বিভাগের প্রভাষক পদে সুস্মিতা বিশ্বাস, ইইই বিভাগের প্রভাষক পদে নিলয় সুত্র ধর এবং পৃথা বসু, ব্যবসায় প্রশাসন বিভাগের প্রভাষক পদে মোঃ ফরহাদ হোসেনসহ ১৫ জন শিক্ষক, কর্মচারী যোগদান করেছেন। গত ২৮ মার্চ ২০২৬ খ্রি. তারিখ অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ৫ম সিন্ডিকেট ও ১৭তম বিওটির সভায় তাদের এ নিয়োগ চূড়ান্তভাবে অনুমোদন দেওয়া হয়।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button