রূপসায় বাসের ধাক্কায় প্রাণ গেল এক মহিলার

# স্বামী গুরুতর আহত: ঘাতক বাসটি ও চালককে আটক করেছে পুলিশ #
রূপসা/খুমেক প্রতিনিধি : রূপসায় একটি লোকাল বাসের ধাক্কায় মোটরসাইকেলের পেছনে বসা লিলি কুন্ডু (৪৯) নামের এক মহিলা ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্বামী অমর কুন্ডু গুরুতর আহত হয়েছেন।
৩ এপ্রিল দুপুর সাড়ে ১২টার দিকে রূপসায় আমদাবাদ এলাকায় এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাগেরহাটের রামপাল উপজেলার গোরম্ভা গ্রামের অমর কুন্ডু ও তার স্ত্রী লিলি কুন্ডুকে খুলনার একটি আই হাসপাতালে ডাক্তার দেখিয়ে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। চিকিৎসা শেষে স্বামী-স্ত্রীর সেই বাড়ি ফেরার পথেই দুর্ঘটনায় জীবন যাই স্ত্রীর।
দুপুর সাড়ে ১২টার দিকে তারা খুলনা-মংলা মহাসড়কের আমদাবাদ এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা ঢাকা মেট্রো-জ ১১-২০৮৫ নম্বরের একটি লোকাল বাস তাদের মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের পেছনে বসে থাকা লিলি কুন্ডু ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। অমর কু- গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় মুহূর্তেই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এ বিষয়ে রূপসা থানা পুলিশের অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক মীর জানান, দুর্ঘটনার পর ঘাতক বাস ও এর চালক সাগর (২৬)-কে রূপসা থানাধীন কুদিরবটতলা এলাকা থেকে আটক করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

