কুষ্টিয়ায় ২ জনের মৃত্যু : সন্দেহভাজন ২৯৯

# খুলনা বিভাগে হাম আতঙ্ক #
স্টাফ রিপোর্টার ঃ খুলনা বিভাগজুড়ে হাম রোগের প্রাদুর্ভাব নিয়ে উদ্বেগ বাড়ছে। সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, বিভাগে মোট ২৯৯ জন হাম আক্রান্ত সন্দেহভাজন রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে কুষ্টিয়া জেলায় ২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
শনিবার (৪ এপ্রিল) খুলনা স্বাস্থ্য বিভাগের পরিসংখ্যান অনুযায়ী, কুষ্টিয়ায় সর্বোচ্চ ১০৩টি সন্দেহভাজন মামলা শনাক্ত হয়েছে। এর মধ্যে পুরাতন ৯১টি এবং নতুন ১২টি। এ জেলাতেই ২ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করা হয়েছে, যা বিভাগে একমাত্র মৃত্যুর ঘটনা। এছাড়া যশোরে ৫৯ জন, কেসিসি এলাকায় ৫৩ জন এবং ঝিনাইদহে ১৮ জন আক্রান্ত সন্দেহভাজন রোগী পাওয়া গেছে। তুলনামূলক কম আক্রান্ত জেলার মধ্যে রয়েছে বাগেরহাট ৬, চুয়াডাঙ্গা ৬, খুলনা ৫, মেহেরপুর ৪ এবং নড়াইল ১২।
সাতক্ষীরা জেলায় নতুন আক্রান্তের সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়ে মোট ১৬ জনে দাঁড়িয়েছে, যেখানে নতুন আক্রান্তই ১৩ জন। স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, হাম সন্দেহে ২টি মৃত্যুর ঘটনা কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ঘটেছে। এর মধ্যে একটি নমুনা সংগ্রহ করা হলেও এখনো পরীক্ষার জন্য পাঠানো হয়নি, অন্যটির নমুনা সংগ্রহ সম্ভব হয়নি। বিশেষজ্ঞরা বলছেন, সময়মতো টিকাদান কর্মসূচি জোরদার করা এবং দ্রুত শনাক্তকরণ ও চিকিৎসা নিশ্চিত না করলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে।
খুলনা বিভাগীয় পরিচালক ( স্বাস্থ্য) ডা: মো: মুজিবুর রহমান বলেন. সংশ্লিষ্ট জেলাগুলোতে নজরদারি বৃদ্ধি করেছে এবং জনগণকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন।



