স্থানীয় সংবাদ

নগরীতে চুরির অভিযোগে গণপিটুনিতে এক ব্যক্তির মৃত্যু

স্টাফ রিপোর্টার ঃ খুলনা মহানগরীর আড়ংঘাটা থানাধীন এলাকায় মাছের ঘেরে চুরি করতে গিয়ে গণপিটুনিতে দিদার সরদার (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার (০৪ এপ্রিল) ভোর ৬টার দিকে আরংঘাটা থানার লতাগাছতলা মন্দির সংলগ্ন রেললাইনের পাশে একটি অজ্ঞাতনামা মাছের ঘেরে এ ঘটনা ঘটে। স্থানীয়দের অভিযোগ, দিদার সরদার ঘেরে মাছ চুরি করতে গেলে তাকে হাতেনাতে আটক করা হয়। পরে উত্তেজিত জনতা তাকে মারধর করলে তিনি গুরুতর আহত হন। পরবর্তীতে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সকাল ৯টা ১০ মিনিটে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে সকাল ৯টা ২০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন। নিহত দিদার সরদারের পিতা বিনু সরদার। তিনি খুলনা মহানগরীর দৌলতপুর থানার মধ্য ডাঙ্গা এলাকার বাসিন্দা। আড়ংঘাটা থানার ওসি শাহজাহান আহমেদ বলেন, বর্তমানে মরদেহটি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ব্যাপারে থানায় এখন পর্যন্ত কোন মামলা দায়ের হয়নি।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button