স্থানীয় সংবাদ

চিকিৎসা ক্ষেত্রে বিশেষ অবদানে দখিনা পদক পেলেন ডা. শেখ আবু শাহীন

স্টাফ রিপোর্টারঃ চিকিৎসা ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ “দখিনা পদক-২০২৫” অর্জন করেছেন খুলনা বিশেষায়িত হাসপাতালের পরিচালক ডা. শেখ আবু শাহীন। স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনায় দীর্ঘদিনের দক্ষতা, নিষ্ঠা এবং জনসেবামূলক কর্মকা-ের জন্য তাকে এই সম্মাননা প্রদান করা হয়। ডা. শেখ আবু শাহীন সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানাধীন কুমিরা ইউনিয়নের অভয়তলা গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি মরহুম শেখ শওকত আলী ও মরহুম বেগম শামছুন্নাহারের সন্তান। শিক্ষাজীবনে কৃতিত্বের স্বাক্ষর রেখে তিনি ১৯৮৭ সালে কুমিরা মাধ্যমিক বিদ্যালয় থেকে স্টার মার্কসসহ এসএসসি এবং ১৯৮৯ সালে সরকারি ব্রজলাল কলেজ থেকে স্টার মার্কসসহ এইচএসসি পাশ করেন। পরবর্তীতে ১৯৮৯-৯০ শিক্ষাবর্ষে ঢাকা মেডিকেল কলেজে এমবিবিএস প্রথম বর্ষে ভর্তি হয়ে ১৯৯৭ সালে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। এমবিবিএস সম্পন্ন করার পর তিনি ২০তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়ে ৩১ মে ২০০১ সালে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার হিসেবে যোগদান করেন। এরপর ২০০২-০৩ সালে খুলনা মেডিকেল কলেজ থেকে ইওসি বিষয়ে এক বছরের প্রশিক্ষণ গ্রহণ করেন এবং ২০০৬-০৭ শিক্ষাবর্ষে রাজশাহী মেডিকেল কলেজ থেকে অ্যানেস্থেশিওলজি বিষয়ে উচ্চতর ডিগ্রি অর্জন করেন। পেশাগত দক্ষতা বৃদ্ধির অংশ হিসেবে তিনি ২০২০ সালে থাইল্যান্ডের মাহিদল বিশ্ববিদ্যালয় থেকে “ট্রেনিং অন পারফরমেন্স ম্যানেজমেন্ট” বিষয়ে বিশেষ প্রশিক্ষণ গ্রহণ করেন। কর্মজীবনে তিনি পাইকগাছা (খুলনা), শালিখা (মাগুরা) ও চৌগাছা (যশোর) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ৩ আগস্ট ২০১৪ সালে পদোন্নতি পেয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদান করেন। এরপর ১৬ ডিসেম্বর ২০১৯ সালে সিভিল সার্জন পদে পদোন্নতি লাভ করে তিনি ঢাকা, সাতক্ষীরা ও যশোর জেলায় দায়িত্ব পালন করেন। ৩১ অক্টোবর ২০২১ সালে তিনি উপপরিচালক পদে পদোন্নতি পান এবং ১১ জানুয়ারি ২০২২ সালে পরিচালক (চলতি দায়িত্ব) হিসেবে খুলনা বিশেষায়িত হাসপাতাল, খুলনায় যোগদান করেন। উপজেলা পর্যায়ে স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষে হেলথ সিস্টেম স্ট্রেংদেনিং কর্মসূচির আওতায় স্বাস্থ্যমন্ত্রী জাতীয় পুরস্কার-২০১৭ ও ২০১৮ অর্জন করেন। এছাড়া ২০২০ সালে যশোর সিভিল সার্জন অফিস ক্যাটাগরিতে প্রথম স্থান অর্জন করায় তিনি পুনরায় স্বাস্থ্যমন্ত্রী জাতীয় পুরস্কার লাভ করেন। তার দক্ষ ব্যবস্থাপনা ও প্রচেষ্টায় ২০১৮ সালে জরুরি প্রসূতি সেবায় (বেসিক ইওসি) বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স খুলনা বিভাগে প্রথম স্থান অর্জন করে। যশোর জেলার সিভিল সার্জন থাকাকালীন তিনি কোভিড-১৯ মহামারি পরিস্থিতি সফলভাবে মোকাবেলা করে ব্যাপক প্রশংসা অর্জন করেন। ব্যক্তিগত জীবনে ডা. শেখ আবু শাহীন বিবাহিত। তার স্ত্রী শাহীনা আক্তার যশোর সরকারি টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউটে সহকারী শিক্ষক (ভাষা) হিসেবে কর্মরত। তারা দুই পুত্র সন্তানের জনক-জননী। বড় ছেলে শিহাব আল তাবিব ৯২তম বিএমএ লং কোর্সে অফিসার ক্যাডেট হিসেবে চট্টগ্রামের ভাটিয়ারীতে অবস্থিত বাংলাদেশ মিলিটারি একাডেমিতে প্রশিক্ষণরত এবং ছোট ছেলে শাহেদ আল তাবিব যশোর জিলা স্কুলে নবম শ্রেণিতে অধ্যয়নরত। ডা. শেখ আবু শাহীন রোগীদের প্রতি আন্তরিক, সহানুভূতিশীল এবং মানসম্পন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সর্বদা বদ্ধপরিকর। তার এই দীর্ঘ কর্মজীবন ও অবদানের স্বীকৃতিস্বরূপ “দখিনা পদক-২০২৫” প্রদান করায় সংশ্লিষ্ট মহলে সন্তোষ প্রকাশ করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button