খুবির ইউআরপি ডিসিপ্লিনে সেলফ-অ্যাসেসমেন্ট ও স্ট্র্যাটেজিক প্ল্যান বিষয়ক ভ্যালিডেশন কর্মশালা

খবর বিজ্ঞপ্তি ঃ খুলনা বিশ্ববিদ্যালয়ের নগর ও গ্রামীণ পরিকল্পনা (ইউআরপি) ডিসিপ্লিনের উদ্যোগে ‘সেলফ-অ্যাসেসমেন্ট রিপোর্ট অ্যান্ড স্ট্র্যাটেজিক প্ল্যান’ শীর্ষক ভ্যালিডেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ৫ এপ্রিল (রবিবার) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের ইউআরপি ডিসিপ্লিন লেকচার থিয়েটারে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের ডিসিপ্লিনগুলোর অ্যাক্রেডিটেশন অর্জনের লক্ষ্যে নির্ধারিত বিভিন্ন মানদ- অনুসরণ করা হচ্ছে। একটি ডিসিপ্লিনের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে নিয়মিত সেলফ-অ্যাসেসমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের ‘ইন্টেন্ট টু অ্যাপ্লাই’ করা ১০টি ডিসিপ্লিনের মধ্যে ইউআরপি অন্যতম। খুব শিগগিরই এ ডিসিপ্লিন অ্যাক্রেডিটেশনের জন্য চূড়ান্ত আবেদন করতে পারবে বলে তিনি আশা প্রকাশ করেন। পাশাপাশি তিনি ইউআরপি ডিসিপ্লিনের একাডেমিক ও গবেষণার মান আরও সমৃদ্ধ করতে কাটিং-এজ টেকনোলজি বেজড কারিকুলামের ওপর গুরুত্বারোপ করেন। কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন প্রফেসর ড. মোঃ আশরাফুল আলম, বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের প্রেসিডেন্ট ও শেলটেক কনসালট্যান্টস লিমিটেডের নির্বাহী পরিচালক ড. মোহাম্মদ আরিফুল ইসলাম এবং জাগ্রত যুব সংঘের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক এটিএম জাকির হোসেন। এছাড়া বক্তব্য রাখেন আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোঃ মোস্তাফিজুর রহমান। কর্মশালায় সভাপতিত্ব করেন ইউআরপি ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ড. মোঃ জাকির হোসেন। কর্মশালায় ডিসিপ্লিনের সেলফ-অ্যাসেসমেন্ট রিপোর্ট ও স্ট্র্যাটেজিক প্ল্যান উপস্থাপন করেন প্রফেসর ড. ফৌজিয়া ফারজানা। উপস্থাপনার ভিত্তিতে ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা ও কৌশলগত দিকনির্দেশনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। উন্মুক্ত আলোচনা পর্বে ডিসিপ্লিনের অ্যালামনাই, বর্তমান শিক্ষার্থী ও সংশ্লিষ্ট স্টেকহোল্ডাররা শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন, আন্তর্জাতিক মানদ-ে কারিকুলাম উন্নয়ন এবং শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধির বিভিন্ন দিক তুলে ধরেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রভাষক সুমাইয়া নাজ। কর্মশালায় ডিসিপ্লিনের শিক্ষক, শিক্ষার্থী ও অ্যালামনাইরা অংশগ্রহণ করেন।



