স্থানীয় সংবাদ

পাইকগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে চুরি : সিসি ক্যামেরা সরঞ্জাম উধাও

# তছনছ কর্মকর্তার কার্যালয় #

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ঃ পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রহস্যজনক চুরির ঘটনা ঘটেছে। শনিবার গভীর রাতে সংঘবদ্ধ চোরচক্র জানালার গ্রীল কেটে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানারা বিনতে আহমেদের কার্যালয়ে ঢুকে আলমারি ও ড্রয়ারের গুরুত্বপূর্ণ কাগজপত্র তছনছ করে এবং সিসি ক্যামেরার গুরুত্বপূর্ণ সরঞ্জাম চুরি করে নিয়ে যায়। রোববার সকালে অফিসে এসে ঘটনাটি প্রথম দেখতে পান হাসপাতালের কনসালটেন্ট ডা. জহিরুল ইসলাম। তিনি জানান, “স্যারের রুমের দরজা ভেতর থেকে আটকানো ছিল। পরে দরজা ভেঙে ঢুকে দেখি জানালার গ্রীল কাটা, আর ভেতরের চেয়ারসহ বিভিন্ন জিনিসপত্র এলোমেলো অবস্থায় পড়ে আছে।” ঘটনার পর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানারা বিনতে আহমেদ জানান, চোরেরা রুমে থাকা সিসি ক্যামেরার মনিটর, ডিভিআর ও রাউটার নিয়ে গেছে। তবে আশ্চর্যের বিষয়, হাসপাতালের অন্যান্য কক্ষে থাকা মূল্যবান সরঞ্জামে হাত দেয়নি তারা। এতে ঘটনাটি পরিকল্পিত হতে পারে বলে সন্দেহ করছেন সংশ্লিষ্টরা। তিনি আরও বলেন, “শনিবার রাতের যেকোনো সময় এ ঘটনা ঘটতে পারে। বিষয়টি তাৎক্ষণিকভাবে থানা পুলিশ ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।” এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন থানার ওসি (অপারেশন) জুলফিকার আলী। তিনি জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। স্থানীয় সচেতন মহলের মতে, সাম্প্রতিক সময়ে স্বাস্থ্য কমপ্লেক্সে সেবার মান উন্নয়নে নেওয়া বিভিন্ন পদক্ষেপের কারণে একটি মহল অসন্তুষ্ট হয়ে থাকতে পারে। জনবান্ধব উদ্যোগে বাধা সৃষ্টি কিংবা গুরুত্বপূর্ণ নথি গায়েব করার উদ্দেশ্যে এ ধরনের চুরি সংঘটিত হতে পারে বলেও ধারণা করা হচ্ছে। তারা আরও বলেন, হাসপাতালের নিরাপত্তা জোরদার করা, বিশেষ করে রাতের প্রহরা বাড়ানো এবং ঘটনার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করা এখন সময়ের দাবি।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button