খুলনায় বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিসভা অনুষ্ঠিত

তথ্য বিবরণী ঃ পহেলা বৈশাখ বাংলা নববর্ষ ১৪৩৩ যথাযোগ্য মর্যাদা ও আনন্দঘন পরিবেশে উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিসভা আজ (মঙ্গলবার) খুলনা জেলা প্রশাসক হুরে জান্নাতের সভাপতিত্বে তাঁর সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় জানানো হয়, পহেলা বৈশাখ ১৪৩৩ উদযাপন উপলক্ষ্যে সকাল আটটায় খুলনা রেলওয়ে স্টেশন প্রাঙ্গন থেকে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা বের হয়ে শহিদ হাদিস পার্কে গিয়ে শেষ হবে। এদিন শোভাযাত্রা শেষে সকাল সাড়ে নয়টায় শহিদ হাদিস পার্কে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণ ও দিনব্যাপী বৈশাখী মেলা অনুষ্ঠিত হবে। বাংলাদেশ শিশু একাডেমি ও জেলা শিল্পকলা একাডেমি যৌথভাবে দিবসটি উদযাপনে শিশুদের জন্য চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতার আয়োজন করবে। ঐদিন খুলনা বিভাগীয় জাদুঘর সবার জন্য উন্মুক্ত রাখা হবে। পহেলা বৈশাখে জেলখানা ও সরকারি শিশু পরিবারসমূহে দেশীয় ঐতিহ্যবাহী খাবার পরিবেশন করা হবে। সভায় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোমিনুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডল, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাসহ সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।



