স্থানীয় সংবাদ

বদলে যাওয়া আয়শার জীবন

# ফিরছে পরিবারে স্বপ্ন দেখছে স্বাবলম্বী হওয়ার #

স্টাফ রিপোর্টার ঃ নতুন জীবনের পথে এগিয়ে যাচ্ছে সুবিধাবঞ্চিত শিশু আয়শা। খুলনার সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রর নিবিড় পরিচর্যা ও প্রশিক্ষণের মাধ্যমে ১২ বছর বয়সে নিরাপত্তাহীনতার ঝুঁকিতে থাকা আয়শা এসএসসি পাস করে কলেজে ভর্তি হয়েছে। জানা যায়, আয়শার বাবা নেই। দুই বোনের মধ্যে সে বড়। ছোট বোনের বয়স মাত্র ৯ বছর। তাদের মা ডুমুরিয়া উপজেলার ভান্ডারকোট আশ্রয়ণে থাকতেন। আয়শার নিরাপত্তা চরম ঝুঁকিতে পড়লে মা তাকে নিরাপদ আশ্রয়ের জন্য সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র, খুলনা-তে রাখার আবেদন করেন। এরপর থেকেই আয়শা কেন্দ্রের তত্ত্বাবধানে বেড়ে উঠতে থাকে। পুনর্বাসন কেন্দ্রে আয়শা আনুষ্ঠানিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষা গ্রহণ করে। পাশাপাশি সে গান, নৃত্য, ক্রিকেটসহ বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমে অংশ নেয়। দক্ষতা উন্নয়নের জন্য সে দর্জি প্রশিক্ষণ গ্রহণ করে এবং আত্মরক্ষামূলক প্রশিক্ষণে কেরাতে ব্ল্যাক বেল্ট অর্জন করে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো আয়শা ২০২৫ সালে সফলভাবে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়। পরবর্তীতে সে ডুমুরিয়া কলেজে ভর্তি হয়ে উচ্চশিক্ষা গ্রহণের পথে এগিয়ে যায়। সম্প্রতি আয়শাকে পরিবারে পুনর্বাসন করা হয়েছে। স্বাবলম্বী হওয়ার সহায়তা হিসেবে তার হাতে তুলে দেওয়া হয় একটি সেলাই মেশিন। আয়শা ও তার মা পুনর্বাসন কেন্দ্রের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আবেগাপ্লুত হয়ে পড়েন। কেন্দ্র সংশ্লিষ্টরা জানান, “আয়শার মতো শিশুরা সমাজের জন্য অনুপ্রেরণা। তাদের নিরাপদ আশ্রয়, শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে স্বাবলম্বী করে তোলাই আমাদের লক্ষ্য।” আয়শার এই সাফল্য প্রমাণ করে সঠিক পরিচর্যা, নিরাপদ পরিবেশ ও প্রশিক্ষণ পেলে ঝুঁকিপূর্ণ শিশুরাও জীবন বদলে দিতে পারে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button