গত ২৪ ঘণ্টায় ১১৫ সন্দেহজনক রোগী শনাক্ত

# খুলনা বিভাগে হামের পরিস্থিতি #
স্টাফ রিপোর্টার ঃ খুলনা বিভাগের স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্যে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় বিভাগজুড়ে মোট ১১৫ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে ৯০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং ৭৬ জন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। তবে এই সময়ে নতুন করে কোনো নিশ্চিত হাম রোগী বা মৃত্যুর খবর পাওয়া যায়নি। সোমবার খুলনা স্বাস্থ্য বিভাগ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৫ মার্চ ১৩ এপ্রিল পর্যন্ত খুলনা বিভাগের ১০টি জেলায় মোট ১ হাজার ৩১২ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে ৯৭৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ৬৮৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এ সময়ে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৫১ জন এবং হাম সন্দেহে মৃত্যু হয়েছে ১০ জনের। জেলাভিত্তিক তথ্য অনুযায়ী, কুষ্টিয়ায় সর্বোচ্চ ৪২৭ জন সন্দেহজনক রোগী শনাক্ত হয়েছে। এছাড়া যশোরে ২৭৩ জন, মাগুরায় ১৩৪ জন, খুলনায় ১০৪ জন, বাগেরহাটে ৬২ জন, চুয়াডাঙ্গায় ২৯ জন, ঝিনাইদহে ৬১ জন, মাগুরায় ১৩৪ জন, মেহেরপুরে ১০০ জন, নড়াইলে ৫৬ জন এবং সাতক্ষীরায় ৬৬ জন রোগী পাওয়া গেছে। স্বাস্থ্য কর্মকর্তারা জানান, হামের সংক্রমণ প্রতিরোধে টিকাদান কার্যক্রম জোরদার করা হয়েছে এবং জনগণকে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে। বিশেষ করে শিশুদের সময়মতো হাম-রুবেলা টিকা গ্রহণ নিশ্চিত করতে অভিভাবকদের প্রতি অনুরোধ জানানো হয়।
স্বাস্থ্য বিভাগ আরও জানায়, জ্বর, সর্দি, চোখ লাল হওয়া বা শরীরে লালচে ফুসকুড়ি দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হচ্ছে।


