খুলনায় বকেয়া পাওনার দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ

# দ্রুত দাবি আদায় না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারী #
# সড়ক অবরোধের ফলে সাময়িক চলাচল বন্ধ হয়ে পড়ে #
স্টাফ রিপোর্টার : বকেয়া পাওনার পরিশোধের দাবিতে খুলনা-যশোর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পাটখাতের শ্রমিকরা। মঙ্গলবার (১৯ মে) সকালে খুলনার দৌলতপুর জুট প্রেস অ্যান্ড বেলিং ওয়ার্কার্স ইউনিয়নের ব্যানারে আয়োজিত কর্মসূচিতে শ্রমিকরা নগরীর রেলিগেট মোড় থেকে বিক্ষোভ মিছিল বের করে। পরে তারা বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশন (বিজেএ) ভবনের সামনের খুলনা-যশোর সড়ক উপর কাঠ ফেলে ও টায়ারে আগুন জ্বালিয়ে অবরোধ করে কঠোর অবস্থান নেন। রাস্তা অবরোধের ফলে খুলনা-যশোর সড়কে সাময়িক যানবহন চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় উত্তেজিত শ্রমিকদের দাবি আদায়ের লক্ষ্যে প্রতিবাদী স্লোগানে স্লোগানে সড়ক প্রকম্পিত হয়ে ওঠে, তীব্র গরম উপেক্ষা করে শ্রমিকরা দাবি আদায়ে সড়কের উপর শুয়ে প্রতিবাদ জানায়। উত্তেজিত শ্রমিকদের একটি অংশ বিজেএ ভবনের বাইরে ইট-পাটকেল নিক্ষেপ ও জানালার কাচ ভাঙচুর করে। পরে পুলিশ ও শ্রমিক নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বিক্ষোভ সমাবেশে শ্রমিক নেতারা অভিযাগ করেন, ২০২৫ সালের ৮ সেপ্টেম্বর কাঁচা পাট রপ্তানির ওপর ‘ষড়যন্ত্রমূলক’ নিষেধাজ্ঞা আরোপের পর থেকে পাট খাত মারাত্মক সংকটের মুখে পড়েছে। গত ৯ মাস ধরে অসংখ্য শ্রমিক কর্মহীন অবস্থায় পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন, টাকার অভাবে চিকিৎসা সেবাও নিতে পারছেন। ঈদ আসন্ন, কিভাবে তারা পরিবার পরিজন নিয়ে ঈদ কাটাবেন তা নিয়েও প্রশ্ন তোলেন তারা। শ্রমিক নেতারা আরও জানান, দ্রুত কাঁচা পাট রপ্তানি চালু না হলে হাজার হাজার শ্রমিক কর্মহীন হয়ে পড়বে এবং দেশের ঐতিহ্যবাহী পাটশিল্প ধ্বংসের মুখে। আন্দোলনরত শ্রমিকরা দ্রুত সময়ের মধ্যে কাঁচা পাট রপ্তানি চালুর পাশাপাশি বকেয়া বেতন পরিশোধের দাবি জানান। অন্যথায় তারা খুলনার বিভিন্ন শ্রমজীবি সংগঠনের সদস্যদের নিয়ে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করার হুঁশিয়ারিও দেন।


