স্থানীয় সংবাদ

প্রশাসন পরিচয়ে খুলনায় মুদি ব্যবসায়ীর বাড়িতে হামলা : গুলির অভিযোগ

স্টাফ রিপোর্টার : খুলনা নগরীর পাঁচ নম্বর ঘাট এলাকায় প্রশাসনের পরিচয় দিয়ে একদল দুর্বৃত্ত মুদি ব্যবসায়ী শামিমের বাড়িতে ঢুকে গুলি চালানো ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার দুপুরে ঘটে যাওয়া এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিবারের সদস্যদের দাবি, দুপুর আনুমানিক দুইটার দিকে কয়েকজন ব্যক্তি বাড়িতে এসে নিজেদের প্রশাসনের লোক পরিচয় দেন। সে সময় বাড়িতে শামিম উপস্থিত ছিলেন না। তিনি ঢাকায় অবস্থান করছিলেন। শামিমের পরিবারের সদস্যরা জানান, প্রথমে বাড়ির পাশের মাঠে একটি ফাঁকা গুলি ছোড়া হয়। পরে স্থানীয় লোকজন জড়ো হলে অভিযুক্তরা দেয়াল টপকে ঘরের ভেতরে প্রবেশ করে। এ সময় তারা ঘরের বিভিন্ন কক্ষ তল্লাশি চালায় এবং পরিবারের সদস্যদের সঙ্গে দুর্ব্যবহার করে।
শামিমের এক মেয়ে জানান, ছোট ভাই ভয়ে ঘরের দরজা আটকে দিয়ে তাকে ডেকে বলে, আমারে বাঁচা, আমারে মাইরা ফেলাইবে। পরে তিনি বাইরে বের হয়ে অভিযুক্তদের পরিচয় জানতে চাইলে তারা নিজেদের প্রশাসনের লোক বলে দাবি করে। তবে কোনো পরিচয়পত্র দেখাতে পারেনি বলে অভিযোগ করেন তিনি। পরিবারের অভিযোগ, দুর্বৃত্তরা ঘরের ভেতরে গুলিও চালায়। এতে শিশুসহ পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে পড়েন। তারা কয়েকটি মোবাইল ফোন, ওয়াইফাই রাউটার এবং কিছু মালামাল নিয়ে যায় বলেও দাবি করা হয়।
ঘটনার সময় উপস্থিত আরেক কিশোরী জানায়, অভিযুক্তরা দেয়াল টপকে ঘরে প্রবেশ করে এবং একপর্যায়ে ঘরের ভেতরে গুলি চালায়। এতে পরিবারের সদস্যরা দৌড়ে নিরাপদ স্থানে আশ্রয় নেয়। শামিমের স্বজনদের দাবি, অভিযুক্তরা ঘরের আসবাবপত্র তছনছ করে এবং শামিমকে না পেয়ে তাকে হত্যার হুমকি দিয়ে চলে যায়। খুলনা থানার ওসি মো: শফিকুল ইসলাম জানান, ভুক্তভোগী পরিবারের দাবি গোয়েন্দা সংস্থার পরিচয়ে তাদের বাড়িতে ঢুকে গুলি চালিয়েছে। তবে ঘটনাস্থলে কোন আলামত পাওযা যায়নি। তিনি আরও বলেন, শামিম একজন চিহৃিত মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী। তার বিরুদ্ধে অনেক অভিযোগ আছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button