স্থানীয় সংবাদ

খুলনার সর্ববৃহৎ কোরবানির পশুরহাটের উদ্বোধন আজ

# চলবে ঈদের দিন ভোর পর্যন্ত #

স্টাফ রিপোর্টারঃ পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষ্যে নগরীর জোড়াগেট বাজার চত্বরে খুলনা সিটি কর্পোরেশন পরিচালিত কোরবানির পশুর হাট আজ বৃহস্পতিবার বেলা ১১টায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে। খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু জোড়াগেট বাজার চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সপ্তহব্যাপী কোরবানির পশুর হাটের উদ্বোধন করবেন। এই হাট চলবে ঈদুল আজহার দিন ভোর পর্যন্ত। হাট পরিচালনা কমিটি সূত্রে জানা যায়, পশুর হাটে সিসি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক নিরাপত্তা, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা, বাংলাদেশ ব্যাংকের ব্যবস্থাপনায় জাল নোট শনাক্তকরণ, কম্পিউটারাইজড পদ্ধতিতে হাসিল আদায়সহ সব আধুনিক ব্যবস্থাপনা রয়েছে। এছাড়া সার্বক্ষণিক পশু চিকিৎসা ও হাটে আগতদের চিকিৎসার সুব্যবস্থা, পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশে খাবার হোটেলের সু-ব্যবস্থা, আধুনিক পাবলিক টয়লেট, ম্যাজিস্ট্রেট, পুলিশ ও র‌্যাবের সমন্বয়ে ২৪ ঘণ্টা নিরাপত্তার ব্যবস্থা রয়েছে। ইতোমধ্যে হাট ব্যাপকভাবে সাজানো হয়েছে। রাতের হাট দিনের মত দেখাচ্ছে। কেসিসির হাট পরিচালনা কমিটির সদস্য সচিব শফিকুল ইসলাম দিদার বলেন, গত বছরের মত এবারও ৪% হারে হাসিল আদায় করা হবে। ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button