খুলনা বিভাগে হামের প্রকোপ অব্যাহত কুষ্টিয়ায় সর্বোচ্চ সন্দেহজনক রোগী

স্টাফ রিপোর্টার ঃ পরিচালক স্বাস্থ্য দপ্তর, খুলনা বিভাগ প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে খুলনা বিভাগ জুড়ে হামের পরিস্থিতিকে উদ্বেগজনক বলে উল্লেখ করা হয়েছে। ৩০ জুন সকাল ৮টা পর্যন্ত হালনাগাদ তথ্যে দেখা যায়, চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত বিভাগের ১০ জেলায় বিপুল সংখ্যক সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। তবে স্বস্তির বিষয় হলো, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে নতুন কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের তথ্য অনুযায়ী, এ সময়ের মধ্যে সর্বোচ্চ ১ হাজার ৯৬৫ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে কুষ্টিয়া জেলায়। জেলায় একই সংখ্যক রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ১ হাজার ৯০৭ জন চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এছাড়া সেখানে তিনজন নিশ্চিত হাম রোগী শনাক্ত হলেও মৃত্যুর কোনো তথ্য পাওয়া যায়নি। দ্বিতীয় সর্বোচ্চ ১ হাজার ১৯ জন সন্দেহজনক রোগী শনাক্ত হয়েছে খুলনা জেলায়। এর মধ্যে ৯৭৩ জন চিকিৎসা শেষে হাসপাতাল ত্যাগ করেছেন। জেলায় ৪৩ জন নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এদিকে যশোর জেলায় ৭৮৮ জন, ঝিনাইদহ জেলায় ৫৬৮ জন, মাগুরা জেলায় ৯৪০ জন, মেহেরপুর জেলায় ৪৮৯ জন, নড়াইল জেলায় ৪১০ জন, চুয়াডাঙ্গা জেলায় ৪০৭ জন এবং বাগেরহাট জেলায় ৩৪৩ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে। অন্যদিকে, সাতক্ষীরা জেলায় ২০২ জন সন্দেহজনক রোগী শনাক্ত হওয়ার তথ্য পাওয়া গেছে। স্বাস্থ্য বিভাগের তথ্যানুযায়ী, অধিকাংশ রোগী চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এবং বিভাগজুড়ে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হামের বিস্তার রোধে শিশুদের সময়মতো টিকাদান নিশ্চিত করা অত্যন্ত জরুরি। একই সঙ্গে জ্বর, সর্দি-কাশি ও শরীরে লালচে ফুসকুড়ির মতো উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।


