স্থানীয় সংবাদ

বাগেরহাটে পরীক্ষা শেষে ২ এইচএসসি পরীক্ষার্থীর ওপর হামলা

বাগেরহাট প্রতিনিধি ঃ বাগেরহাটে এইচএসসি পরীক্ষা শেষে দুই পরীক্ষার্থীর ওপর হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৫ জুলাই) দুপুরে সরকারি মহিলা কলেজের প্রধান ফটকের মধ্যে এবং ফটকের বাইরের সড়কে দুই দফায় এই হামলার ঘটনা ঘটে। সরকারি মহিলা কলেজে চলমান এইচএসসি পরীক্ষার দায়িত্বে থাকা দুই পুলিশ সদস্য ওই শিক্ষার্থীদের নিরাপদে নেওয়ার চেষ্টা করেন। পরে পুলিশের সামনেই ওই দুই শিক্ষার্থীকে এলোপাতাড়ি মারধর করেন হামলাকারীরা। একপর্যায়ে দুই পুলিশ সদস্য তাদের থামাতে সক্ষম হয়। হামলার শিকার দুই শিক্ষার্থী শাহরিয়ার খান ও রাফসান আমিন সরকারি পিসি কলেজের এইচএসসি বাণিজ্য বিভাগের শিক্ষার্থী। শাহরিয়ার খানের ফেসবুক আইডিতে আওয়ামী লীগের পুনর্বাসনের পক্ষে বিভিন্ন পোস্ট দেখা যায়। মারধরের শিকার শিক্ষার্থীদের অভিযোগ, সরকারি পিসি কলেজ ছাত্রদল নেতা সামিরসহ কয়েকজন তাদের ওপর অতর্কিত হামলা করেন। ফেসবুক মেসেঞ্জারে কথা কাটাকাটির জেরে এই হামলার ঘটনা ঘটেছে বলে দাবি ভুক্তভোগীদের। এদিকে পরীক্ষা কেন্দ্রের ২০০ গজের মধ্যে পোশাক পরিহিত ও প্রবেশপত্র হাতে থাকা পরীক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন অভিভাবকরা। এ ঘটনার সুষ্ঠু বিচারের দাবি জানিয়ে মহিবুন নাহার নামে এক নারী বলেন, আমার ছেলে এখানে পরীক্ষা দিচ্ছে। এই দুই শিক্ষার্থীর ওপর প্রকাশ্যে হামলা হলো, এত মানুষ কেউ এগিয়ে আসল না। কাল আমার সন্তানের ওপর হামলা হলে কে দেখবে। এর দায় কে নেবে। অভিযুক্ত ছাত্রদল নেতা সামির বলেন, শাহরিয়ার খান নামের ওই শিক্ষার্থী দীর্ঘদিন ধরে শেখ হাসিনার পক্ষে এবং চলমান সরকারকে বিতর্কিত করে পোস্ট দেয়। এসব কারণেই তার সহপাঠিদের সঙ্গে এই অপ্রীতিকর ঘটনা ঘটেছে। বাগেরহাট সরকারি মহিলা কলেজ অধ্যক্ষ ড. এজেডএম রুহুল কাদির বলেন, হামলার বিষয়টি সম্পর্কে তিনি অবগত রয়েছেন। হামলাকারী শিক্ষার্থী এবং হামলার শিকার শিক্ষার্থী সরকারি পিসি কলেজে পড়ে। হামলাকারী শিক্ষার্থীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য তার প্রবেশপত্রের অনুলিপি সরকারি পিসি কলেজের অধ্যক্ষের কাছে পাঠানো হয়েছে। পরে বাইরের হামলার ভিডিও ফুটেজ সংগ্রহ করা হয়েছে। এই ভিডিও ফুটেজ ও হামলাকারীদের তথ্য সরকারি পিসি কলেজের অধ্যক্ষকে অবহিত করা হবে। এসব বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে বিষয়টি অবহিত করা হবে বলে জানান তিনি।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button