খুলনা বিভাগে একদিনে ৪৫ জনের হাম শনাক্ত : হাসপাতালে ভর্তি ৫০

স্টাফ রিপোর্টার ঃ খুলনা বিভাগে হামের সংক্রমণ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় বিভাগের ১০ জেলায় ৪৬ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে ৪৫ জনের শরীরে হাম নিশ্চিত হয়েছে। একই সময়ে নতুন করে ৫০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এ সময়ে হামে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তরের ১৫ জুলাই সকাল ৮টা পর্যন্ত প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় খুলনা জেলায় সর্বোচ্চ ১৬ জনের হাম নিশ্চিত হয়েছে। এছাড়া মাগুরায় ১২ জন, চুয়াডাঙ্গায় ৬ জন, বাগেরহাট ও ঝিনাইদহে ৫ জন করে এবং মেহেরপুরে ১ জনের হাম নিশ্চিত হয়েছে। যশোর, কুষ্টিয়া, নড়াইল ও সাতক্ষীরায় নতুন কোনো রোগী শনাক্ত হয়নি।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত ১৫ মার্চ থেকে ১৫ জুলাই সকাল ৮টা পর্যন্ত খুলনা বিভাগে মোট ৭ হাজার ৮৭৭ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে ৭ হাজার ৪৩৬ জনের হাম নিশ্চিত হয়েছে। এ সময় হাসপাতাল থেকে ৭ হাজার ১৮৯ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন। সন্দেহজনক হামে ৩০ জনের মৃত্যু হয়েছে। তবে নিশ্চিত হামে এখন পর্যন্ত কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
স্বাস্থ্য বিভাগ হামের উপসর্গ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা গ্রহণ এবং শিশুদের নিয়মিত হাম-রুবেলা টিকা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে। সংক্রমণ নিয়ন্ত্রণে টিকাদান কর্মসূচি জোরদারের পাশাপাশি জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়েছে।


