স্থানীয় সংবাদ

একটি পরিকল্পিত নগরী শুধু বহুতল ভবন আর কংক্রিটের জঙ্গল নয় বুকভরে শ্বাস নেয়ার মত পর্যাপ্ত সবুজ-খোলা বাতাস থাকা আবশ্যক

# বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধনকালে কেডিএ চেয়ারম্যান এড. শফিকুল আলম মনা #

স্টাফ রিপোর্টার ঃ খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ-কেডিএ চেয়ারম্যান এড. এসএম শফিকুল আলম মনা বলেছেন, জলবায়ু পরিবর্তনের ফলে বৈশ্বিক তাপমাত্রা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে, যার বিরূপ প্রভাব আমাদের এই অঞ্চলেও দৃশ্যমান। সুন্দরবনের কোলঘেঁষা আমাদের এই খুলনাকে প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করতে এবং একটি বাসযোগ্য, সবুজ নগরী হিসেবে গড়ে তুলতে গাছ লাগানোর কোনো বিকল্প নেই। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান পাঁচবছরে ২৫ কোটি বৃক্ষরোপনের যে আন্দোলন করছেন, কেডিএ সে অভিযানের সহযাত্রী। কেডিএ’র আওতাধীন এলাকায় এক লাখ ২০ হাজার বৃক্ষরোপন ও বিতরণ করা হবে। একটি পরিকল্পিত নগরী শুধু বহুতল ভবন আর কংক্রিটের জঙ্গল নয়, বরং সেখানে বুক ভরে শ্বাস নেওয়ার মতো পর্যাপ্ত সবুজ ও খোলা বাতাস থাকা আবশ্যক। মঙ্গলবার (১৪ জুলাই) সকাল সাড়ে ৯টায় কেডিএ চত্বরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। এসময়ে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশ-কেএমপি কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান। তিনি বলেন, বাংলাদেশ পুলিশ শুধু আইন-শৃঙ্খলা রক্ষা আর অপরাধ দমনেই কাজ করে না, বরং সামাজিক দায়বদ্ধতা থেকে শুরু করে দেশ ও জনগণের কল্যাণে যেকোনো সংকটে সবসময় অগ্রণী ভূমিকা পালন করে। জলবায়ু পরিবর্তনের এই যুগে পরিবেশের ভারসাম্য রক্ষা করা এখন আমাদের অন্যতম বড় চ্যালেঞ্জ। খুলনা অঞ্চল ভৌগোলিকভাবেই ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের মতো প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হয়। কেএমপি’র পক্ষ থেকে ১২ হাজার ৫০০ বৃক্ষরোপন করছি; একই সাথে কয়েকটি স্কুলের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেছি। আজ আমরা যে বৃক্ষরোপণ করছি, তা কেবল কিছু চারা রোপণ নয়; এটি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ, সুন্দর ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করার বিনিয়োগ। খুলনা মহানগর বিএনপি’র সভাপতি এড. শফিকুল আলম মনা বলেছেন, কেডিএ শুধু অবকাঠামোগত উন্নয়নই করে না, বরং পরিবেশবান্ধব টেকসই নগর পরিকল্পনায় বিশ্বাসী। এবারের কর্মসূচিতে আমরা কেবল গাছ লাগিয়েই ক্ষ্যান্ত হবো না, বরং প্রতিটি চারার সঠিক রক্ষণাবেক্ষণ ও পরিচর্যা নিশ্চিত করার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছি। আমরা ফলজ, বনজ এবং ঔষধি সবধরনের গাছের চারা রোপণের ওপর জোর দিচ্ছি, যা আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি পুষ্টি ও অর্থনৈতিক চাহিদাও পূরণ করবে। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন কেডিএ’র সদস্য মোঃ ইকবাল হোসেন, এমএম মাহমুদুর রহমান ও রুহুল আমিন কুতুবুদ্দিন আহমাদ, কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (এ্যাডমিন এন্ড ফিন্যান্স) মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. শফিকুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. রেজাউর রহমান, সহকারী পুলিশ কমিশনার (স্টাফ অফিসার) মো. গোলাম মোর্শেদ, কেডিএ’র প্রধান প্রকৌশলী কাজী মো. সাবিরুল আলম, পরিচালক (এষ্টেট) জাকিয়া সুলতানা, অথরাইজড অফিসার জিএম মাসুদুর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (চ. দ.) মো. মজিবুর রহমানসহ কেডিএ’র উর্দ্ধতন কর্মকর্তা নেতৃবৃন্দ।।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button