স্থানীয় সংবাদ

খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলি

# এমইউজে-বিএফইউজের তীব্র নিন্দা প্রতিবাদ #

খবর বিজ্ঞপ্তি ঃ খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলি করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৪ জুলাই) রাত সাড়ে ১২টার দিকে নগরীর জাতিসংঘ শিশুপার্কের পশ্চিম পাশে জলিলের দোকানের সামনে ঘটনা ঘটে। এদিকে এমইউজে খুলনার কোষাধ্যক্ষ রকিবুল ইসলাম মতিসহ সাংবাদিকের লক্ষ্য করে দুর্বৃত্ত্বদের গুলিবর্ষণের প্রতিবাদ ও হামলাকারীদের গ্রেফতারের দাবিতে আজ বুধবার (১৫ জুলাই) দুপুর ১২টায় খুলনা প্রেসক্লাবের সামনে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে) খুলনার উদ্যোগে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচির ডাক দিয়েছে। এছাড়া এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন খুলনার বিভিন্ন সাংবাদিক সংগঠন। প্রত্যক্ষদর্শী এক পথচারী বলেন, প্রতিদিন রাত ১০টা থেকে গভীর রাত পর্যন্ত আব্দুল জলিলের দোকানের পাশে চেয়ার নিয়ে কয়েকজন সাংবাদিক কাজ শেষে আড্ডা দেন। মঙ্গলবার এমইউজে খুলনার কোষাধ্যক্ষ এস এ টিভির খুলনা প্রতিনিধি রকিবুল ইসলাম মতি, খুলনা প্রেসক্লাবের সাবেক সদস্য সচিব স্টার নিউজের খুলনা ব্যুরো প্রধান রাফিউল ইসলাম টুটুল, দ্যা বিজনেস স্ট্যান্ডাড পত্রিকার খুলনা ব্যুরো প্রধান আওয়াল শেখ ও দৈনিক খুলনাঞ্চলের স্টাফ রিপোর্টার সৈয়দ রানা কবীরসহ ৫/৬ জন সাংবাদিক গল্প করছিলেন। এ সময় একটি মোটরসাইকেল যোগে আসা দু’জন যুবক তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। একটি গুলি একটি চেয়ারের পায়ে বিদ্ধ হয়। গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় অল্পের জন্য তারা প্রাণে রক্ষা পান। তবে গুলির ছররাতে সাংবাদিক আওয়াল সামান্য আহত হন। এমইউজে খুলনার কোষাধ্যক্ষ ও এস এ টিভির প্রতিনিধি রকিবুল ইসলাম মতি বলেন, রাতে আমরা কয়েকজন সাংবাদিক এখানে আড্ডা দিচ্ছিলাম। দু’জন যুবক তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। একটি গুলি চেয়ারে বিদ্ধ হয় এবং চেয়ারটি ক্ষতিগ্রস্ত হয়। পরপরই পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে দ্রুত পুলিশ আসে। দৈনিক খুলনাঞ্চলের স্টাফ রিপোর্টার সৈয়দ রানা কবির বলেন, দুর্বৃত্তের ছোড়া গুলিটি চেয়ারে বিদ্ধ হয়। এর একটি স্প্রিন্টার সাংবাদিক আওয়ালের বুকে লেগে কিছু অংশ ছিলে যায়। তিনি সুস্থ আছেন। খুলনা থানার অফিসার ইনচার্জ মো. শফিকুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে ফায়ারকৃত বুলেটের অংশ উদ্ধার করা হয়েছে। কোনো হতাহতের খবর আমরা জানা নেই। কি কারণে এখানে গুলির ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে। এদিকে এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানিয়ে বিবৃতি দিয়েছেন মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনা ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন-বিএফইউজের সভাপতি ওবায়দুর রহমান শাহীন, মহাসচিব কাদের গনি চৌধুরী, সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন, এমইউজে খুলনার সভাপতি মো. রাশিদুল ইসলাম, সহ-সভাপতি মো. নূরুজ্জামান, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রানা, সহ-সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নূর, নির্বাহী সদস্য মো. এরশাদ আলী ও কে এম জিয়াউস সাদাত। অনুরূপ বিবৃতি দিয়েছেন বিএফইউজের সাবেক সহ-সভাপতি ড. মো. জাকির হোসেন, সাবেক নির্বাহী সদস্য শেখ দিদারুল আলম ও এইচ এম আলাউদ্দিন। সাংবাদিকদের লক্ষ্য করে গুলি ছোড়ার ন্যক্কারজনক ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ এবং তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, জনগুরুত্বপূর্ণ এলাকায় সাংবাদিকদের উপর এ ধরনের হামলা সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তার জন্য চরম হুমকি স্বরূপ। যারা এই হামলার সঙ্গে জড়িত, তারা আইনের শাসন ও বাকস্বাধীনতার শত্রু। সাংবাদিকরা যদি নিজের জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কিত থাকেন, তবে তা মুক্ত সাংবাদিকতার পথকে সংকুচিত করে দেয়। নেতৃবৃন্দ বিবৃতিতে বলেন, অবিলম্বে ঘটনার সাথে জড়িত দুর্বৃত্তদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে হবে এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একইসঙ্গে, খুলনা মহানগরীতে কর্মরত সকল সাংবাদিকের প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button