বার্ষিক সাধারণ সভা আজ : কাল দ্বি-বার্ষিক নির্বাচন

# খুলনা সাংবাদিক ইউনিয়ন #
স্টাফ রিপোর্টার ঃ শুক্রবার খুলনা সাংবাদিক ইউনিয়নের (রেজিঃ নং-খু ১০০৮) বার্ষিক সাধারণ সভা। আগামীকাল শনিবার দ্বি-বর্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনকে ঘিরে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে সংগঠনের সদস্যদের মধ্যে। সাংবাদিক ইউনিয়নের একাধিক সূত্র জানায়, গেল ২০ জুন অনুষ্ঠিত সাধারণ সভায় সংগঠনের দ্বি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। ঘোষিত তফসিল অনুযায়ী গত ১ জুলাই সভাপতি-সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পদে ৩৬টি মনোনয়ন ফরম বিক্রয় হয়। গত ৯ জুলাই ছিলো মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। ১০ জুলাই চূড়ান্ত প্রার্থী তালিকায় দেখা যায়, সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ২ জন করে প্রার্থী ভোট যুদ্ধে প্রতিদ্বন্দ্বীতা করছেন। সভাপতি পদে আনোয়ারুল ইসলাম কাজলের সাথে প্রতিদ্বন্দ্বীতা করছেন হুমায়ুন কবির। সাধারণ সম্পাদক পদে বিমল সাহার প্রতিদ্বন্দ্বী আলমগীর হান্নান। সহ-সভাপতি পদে ২ জন নির্বাচিত হবেন, তবে প্রার্থী ৩ জন। তারা হলেন, শামিম আশরাফ শেলী, রাশিদুল আহসান বাবলু ও গাজী মনিরুজ্জামান। দপ্তর সম্পাদক পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। প্রার্থীরা হলেন, মোঃ হেলাল মোল্লা ও খন্দকার মোঃ কবিরুজ্জামান বাপ্পী। এছাড়া কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় ইতোমধ্যে যুগ্ম-সম্পাদক পদে এমএম মিন্টু, কোষাধ্যক্ষ পদে আল মাহমুদ প্রিন্স, প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক পদে রীতা রানী দাস। নির্বাহী সদস্য পদে যথাক্রমে এসএম ফরিদ রানা, এসএম বাহাউদ্দিন বাহার ও তুফান গাইন নির্বাচিত হয়েছেন। নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান শেখ কামরুল আহসান জানান, শনিবার খুলনা সাংবাদিক ইউনিয়নের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে। সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত হুমাযুন কবির বালু মিলনায়তনে একটানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হবে। ইউনিয়নের ১১৮ জন সদস্য গোপন ব্যালটে ভোটাধিকার প্রয়োগ করবেন। তিনি জানান, নির্বাচনের সকল প্রস্তুতি শেষ হয়েছে। নির্বাচনে জেলা প্রশাসন, তথ্য অধিদপ্তর এবং পুলিশ কমিশনার দপ্তর থেকে একজন করে প্রতিনিধি এবং ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, যশোর ও বরিশাল সাংবাদিক ইউনিয়নের প্রতিনিধিরা নির্বাচন পর্যাবেক্ষণ করবেন। জানা যায়, আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় খুলনা প্রেসক্লাবের হুমাযুন কবির বালু মিলনায়তনে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। এদিকে, দীর্ঘদিন পর খুলনা সাংবাদিক ইউনিয়নের নির্বচন হওয়ায় উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে ইউনিয়নের সদস্যদের মাঝে। প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন, নিজের পক্ষে ভোট চাচ্ছেন। প্রার্থীদের ছবি সম্বলিত বিশাল বিশাল প্যানা দিয়ে মুড়ে দেওয়া হয়েছে প্রেসক্লাব ভবন ও ইউনিয়ন কার্যালয়ে। প্রার্থী ও ভোটারদের উপস্থিতিতে সরগরম প্রেসক্লাবসহ স্থানীয় পত্রিকা অফিস।


