প্রেমের টানে শরীয়তপুরে পাকিস্তানি যুবক

শরীয়তপুর প্রতিনিধি ঃ ফেসবুকে পরিচয়, এরপর চার বছরের প্রেম। অবশেষে শরীয়তপুরের জাজিরায় এসে প্রেমিকাকে বিয়ে করেছেন মো. মোজাম্মেল হোসাইন (২৬) নামে এক পাকিস্তানি যুবক। বৃহস্পতিবার (১৬ জুলাই) উভয় পরিবারের সম্মতিতে ইসলামিক শরিয়ত অনুযায়ী তাদের বিয়ে হয়। জানা গেছে, পাকিস্তানের লাহোরের বাসিন্দা মোজাম্মেল হোসাইনের সঙ্গে প্রায় চার বছর আগে ফেসবুকে পরিচয় হয় জাজিরা উপজেলার বিলাসপুর ইউনিয়নের স্টাপল্টন শিকদার কান্দি এলাকার তানজিলা আক্তারের। পরিচয়ের পর নিয়মিত চ্যাটিং ও ভিডিও কলে তাদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়, যা একসময় প্রেমের সম্পর্কে রূপ নেয়। প্রেমের টানে গত ১১ জুলাই লাহোর থেকে বাংলাদেশে এসে সরাসরি তানজিলার বাড়িতে পৌঁছান মোজাম্মেল। পরে দুই পরিবারের সম্মতিতে বৃহস্পতিবার (১৬ জুলাই) স্থানীয় ইমামের মাধ্যমে তাদের বিয়ে সম্পন্ন হয়। নববধূ তানজিলা আক্তার বলেন, প্রায় চার বছর আগে ফেসবুকে আমাদের পরিচয় হয়। এরপর নিয়মিত যোগাযোগের মাধ্যমে ভালোলাগা থেকে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। দীর্ঘ প্রতীক্ষার পর সেই সম্পর্ককে বাস্তবে রূপ দিতে মোজাম্মেল লাহোর থেকে সরাসরি জাজিরায় চলে এসেছে। পরিবারের সম্মতিতে আমাদের বিয়ে হয়েছে। এখন স্বামীর সঙ্গে পাকিস্তানে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি। তানজিলার মা আসমা আক্তার বলেন, ছেলের পরিবারের সঙ্গে আমাদের নিয়মিত যোগাযোগ হচ্ছে। মেয়েকে এত দূরে বিয়ে দিতে কিছুটা খারাপ লাগলেও তাদের পরিবারের প্রতি আমাদের আস্থা রয়েছে। তাই কোনো ভয় বা শঙ্কা নেই। এ বিষয়ে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহমেদ বলেন, বিষয়টি সম্পর্কে আমরা এখনো আনুষ্ঠানিকভাবে অবগত নই। খোঁজখবর নিয়ে দেখবো।



