স্থানীয় সংবাদ

বসবাস যোগ্য সুন্দর খুলনা ও ব্যবসায়ীদের স্বাচ্ছন্দ্যময় ব্যবসার পরিবেশ নিশ্চিত করাই কেডিএ’র মূল লক্ষ্য

# শিরোমনিস্থ বাজার মালিকদের সাথে কেডিএ চেয়ারম্যানের মতবিনিময় #

খবর বিজ্ঞপ্তি ঃ খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ-কেডিএ চেয়ারম্যান এড. এসএম শফিকুল আলম মনা বলেছেন, খুলনা অঞ্চলের ব্যবসা-বাণিজ্য এবং অর্থনৈতিক প্রসারে শিরোমণি বাজারের ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। প্রতিদিন হাজারো মানুষের সমাগম এবং কোটি কোটি টাকার অর্থনৈতিক লেনদেন এই বাজারকে কেন্দ্র করে আবর্তিত হয়। তাই এ অঞ্চলের বাসিন্দাদের নিয়ে জাতীয় সংসদের মাননীয় হুইপ খুলনা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ¦ রকিবুল ইসলাম বকুলের ব্যাপক পরিকল্পনা রয়েছে। তিনি আরও বলেছেন, ব্যবসা-বাণিজ্যে অতীতে গড়ে ওঠা কোনো সিন্ডিকেট, চাঁদাবাজি বা বিশেষ গোষ্ঠীর আধিপত্য বরদাশত করা হবে না। বসবাস যোগ্য সুন্দর খুলনা, সাধারণ ও ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য সমান এবং স্বাচ্ছন্দ্যময় ব্যবসার পরিবেশ নিশ্চিত করাই হবে বর্তমান কেডিএ’র মূল লক্ষ্য। শনিবার (১৮ জুলাই) দুপুরে খুলনার শিরোমনি বাজার বণিক সমিতির কার্যালয়ে ব্যবসায়ীদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেছেন।
কেডিএ চেয়ারম্যান শফিকুল আলম মনা আরও বলেছেন, কেডিএ’র আওতাধীন বা তার আশপাশের বাণিজ্যিক এলাকা ও বাজারগুলোর জরাজীর্ণ অংশ দ্রুত সংস্কার, ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়ন, পর্যাপ্ত ও নিরাপদ পার্কিং সুবিধা নিশ্চিতকরণ এবং চারপাশের অবৈধ স্টল ও স্থাপনা অপসারণের ওপর তিনি জোর দেন। এসময়ে আরও বক্তৃতা করেন কেডিএ’র সদস্য রুহুল আমিন কুতুবুদ্দিন আহমদ, প্রধান প্রকৌশলী কাজী সাবিরুল আলম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (চ. দা.) মো. মজিবুর রহমান, উপ-পরিচালক (বাজেট ও নিরীক্ষা) মো. মামুনুল আবেদীন, শিরোমনি বাজার বণিক সমিতির সভাপতি শেখ রেজাউল হক, সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম, নগর বিএনপির সাবেক সহ-সভাপতি মো. ইকবাল হোসেন, বণিক সমিতির সাবেক সভাপতি শেখ জাহাঙ্গীর হোসেন প্রমুখ। এরপরে শিরোমনিস্থ কেডিএ’র আবাসিক এলাকায় স্থানীয় বাসিন্দাদের সাথে মতবিনিময় করেন কেডিএ চেয়ারম্যান এড. শফিকুল আলম মনা।
খালিশপুর-দৌলতপুর ও খানজাহান আলী থানা এলাকা ঘিরে জাতীয় সংসদের মাননীয় হুইপ আলহাজ¦ রকিবুল ইসলাম বকুল এমপি’র ব্যাপক পরিকল্পনার কথা পুনর্ব্যক্ত করে মহানগর বিএনপি’র সভাপতি শফিকুল আলম মনা আরও বলেন, খুলনাকে এমনভাবে সাজানো হবে যেন সর্বস্তরের মানুষ শান্তি ও স্বস্তির সাথে ব্যবসা-বাণিজ্য ও বসবাস করতে পারেন। এই লক্ষ্য বাস্তবায়নে তিনি ব্যবসায়ী নেতা ও খুলনাবাসীর আন্তরিক সহযোগিতা ও মূল্যবান পরামর্শ কামনা করেন। মতবিনিময়কালে শিরোমণি বাজার বণিক সমিতির নেতৃবৃন্দ কেডিএ’র নতুন চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা জানান এবং এলাকার ব্যবসায়ী ও বাজারের বিভিন্ন সমস্যা সমাধানের দাবি জানান। চেয়ারম্যান ব্যবসায়ীদের আশ্বস্ত করে বলেন, কেডিএ দ্রুতই এসব সমস্যা সমাধানে দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করবেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button