বাগেরহাটের আলোচিত সেই দেলভাষানি খাল অবমুক্ত করলেন দখলকারীরা

বাগেরহাট প্রতিনিধি ঃ বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়নের আলোচিত সেই দেলভাষানি সরকারি খাল অবমুক্ত করেছেন দখলকারীরা। রোববার (১৯ জুলাই) স্থানীয় যুবদল নেতা শেখ সাইফুজ্জামান মনার নেতৃত্বে খালের ওপর নির্মিত পাটা ও বাঁধ অপসারণ করে খালটি উন্মুক্ত করা হয়। এ সময় দখলকারীদের পাশাপাশি স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। নিজেরাই দখলমুক্ত খাল অবমুক্ত করায় স্থানীয় এই নেতাকর্মীদের অভিনন্দন জানিয়েছেন এলাকাবাসী। এর আগে গেল ৪জুলাই বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মঞ্জুরুল হক রাহাদ, বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেনসহ সরকারি কর্মকর্তাগণ খালটি অবমুক্ত করতে গেলে কিছুদিন সময়ের আবেদন জানান দখলকারীরা। পরে প্রশাসনের পক্ষ থেকে ২০ জুলাই পর্যন্ত সময় নির্ধারণ করে দেওয়া হয়। নির্ধারিত সময়ে খাল অবমুক্ত না করলে কঠোর ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দিয়েছিল প্রশাসন। তবে সেই সময়সীমা শেষ হওয়ার একদিন আগেই দখলকারীরা স্বেচ্ছায় খালটি অবমুক্ত করলেন দখলকারীরা। স্থানীয়দের দাবি, শুধু দেলভাষানি খাল নয়, এলাকার যেসব সরকারি খাল অবৈধভাবে দখল করে মাছ চাষ করা হচ্ছে, সেগুলোও দ্রুত অবমুক্ত করতে হবে। খালগুলো বন্ধ থাকায় সামান্য বৃষ্টিপাত, জোয়ার কিংবা প্রাকৃতিক দুর্যোগের সময় জলাবদ্ধতা সৃষ্টি হয় এবং আশপাশের এলাকার মানুষকে দীর্ঘ সময় পানিবন্দি অবস্থায় থাকতে হয়। জেলার বিভিন্ন স্থানে যেসব খাল দখল হয়ে আছে, পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করার জন্য সকল খাল দখল মুক্ত করার দাবি সচেতন মহলের।



