কুষ্টিয়ায় আর্জেন্টিনা সমর্থকের ঝুলন্ত লাশ উদ্ধার

কুষ্টিয়া প্রতিনিধি ঃ কুষ্টিয়ার ভেড়ামারায় বিশ্বকাপের ফাইনাল খেলা দেখে গভীর রাতে বাড়ি ফেরাকে কেন্দ্র করে স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের পর সুমন সরদার (৩০) নামে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি, তিনি আত্মহত্যা করেছেন। সোমবার (২০ জুলাই) সকালে ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়নের ষোলদাগ এলাকায় নিজ বাড়ি থেকে তার লাশ উদ্ধার করে ভেড়ামারা থানা পুলিশ। নিহত সুমন সরদার ওই এলাকার আবজাল সরদারের ছেলে। তিনি পেশায় ভ্যানচালক এবং আর্জেন্টিনা ফুটবল দলের সমর্থক ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রোববার রাতে বন্ধুদের সঙ্গে বিশ্বকাপের ফাইনাল খেলা দেখেন সুমন। খেলা শেষে সবার সঙ্গে খাওয়া-দাওয়া করে বাড়ি ফিরতে দেরি হওয়ায় স্ত্রী জেনি খাতুনের সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। পরে স্ত্রী ঘুমিয়ে পড়লে সুমন ঘরের আড়ার সঙ্গে রশি দিয়ে আত্মহত্যা করেন বলে পরিবারের সদস্যরা জানান। সকালে বিষয়টি জানতে পেরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জায়েদুর রহমান বলেন, সুমন আর্জেন্টিনা ফুটবল দলের সমর্থক ছিলেন। তবে তিনি ঠিক কী কারণে আত্মহত্যা করেছেন, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।



