স্থানীয় সংবাদ

কেএমপির কমিশনার জাহিদুল হাসান ময়মনসিংহ রেঞ্জে

পুলিশে বড় রদবদল

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ে আবারও বড় ধরনের রদবদল করেছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে মঙ্গলবার (২১ জুলাই) জারি করা এক প্রজ্ঞাপনে চারজন ডিআইজি পদমর্যাদার কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। একই সঙ্গে পূর্বে জারি করা একটি বদলির আদেশ বাতিল করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মো. আতাউল কিবরিয়াকে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-এর ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে।
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) পুলিশ কমিশনার (ডিআইজি) মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবাকে ময়মনসিংহ রেঞ্জের নতুন ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে। তাঁর এ বদলির মাধ্যমে কেএমপিতে পুলিশ কমিশনার পদে নতুন নিয়োগের পথ তৈরি হলো।
এদিকে, সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) পুলিশ কমিশনার (ডিআইজি) আবদুল কুদ্দুস চৌধুরী, পিপিএম-সেবাকে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে।
অন্যদিকে, পুলিশ অধিদপ্তরে কর্মরত ডিআইজি সারোয়ার মুর্শেদ শামীম, বিপিএম-সেবাকে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) নতুন পুলিশ কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
এছাড়া, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৮ জুন ২০২৬ তারিখের একটি প্রজ্ঞাপনে সিআইডির ডিআইজি মিয়া মাসুদ করিম, বিপিএম-সেবাকে এপিবিএনের এফডিএমএন কার্যালয়ে বদলির যে আদেশ দেওয়া হয়েছিল, সেটি বাতিল করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button