স্থানীয় সংবাদ

খুলনা বিভাগে একদিনে ডেঙ্গুতে নতুন ভর্তি ৬৬ : নতুন মৃত্যু নেই

স্টাফ রিপোর্টার ঃ খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে ৬৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এ সময়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। বিভাগে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২২ জুলাই পর্যন্ত মোট ১,৬৩৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ১,৪১৪ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে ১৯৩ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এ পর্যন্ত ডেঙ্গুতে ৭ জনের মৃত্যু হয়েছে। পরিচালক (স্বাস্থ্য) কার্যালয়, খুলনা বিভাগের ২২ জুলাইয়ের ডেঙ্গু পরিস্থিতি প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
খুলনা বিভাগ পরিচালক ( স্বাস্থ্য) ডা: শেখ মো: মোশাররফ হোসেন জানান, গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি রোগীর মধ্যে সবচেয়ে বেশি ২৫ জন বাগেরহাট জেলার হাসপাতালে ভর্তি হয়েছেন। এরপর খুলনা জেলায় ১৫ জন, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ১০ জন, যশোরে ৭ জন, ঝিনাইদহ ও মাগুরায় ৩ জন করে, নড়াইলে ২ জন এবং কুষ্টিয়ায় ১ জন ভর্তি হয়েছেন। এ সময়ে চুয়াডাঙ্গা, মেহেরপুর ও সাতক্ষীরা জেলায় কোনো নতুন রোগী শনাক্ত হয়নি।
চলতি বছরে জেলাভিত্তিক মোট আক্রান্তের হিসাবে বাগেরহাটে সর্বোচ্চ ৫৫৫ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এরপর রয়েছে খুলনা জেলা ৩২৬ জন, খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল ২৮৫ জন, যশোর ১৮৬ জন, নড়াইল ৯৮ জন, মাগুরা ৫৭ জন, কুষ্টিয়া ৪৫ জন, মেহেরপুর ৪০ জন, ঝিনাইদহ ২৫ জন, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল ১৬ জন, সাতক্ষীরা জেলা ৫ জন। চুয়াডাঙ্গায় এখনো কোনো ডেঙ্গু রোগী ভর্তি হয়নি।
বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রোগীর সংখ্যাও সবচেয়ে বেশি বাগেরহাটে ৮৫ জন। এছাড়া খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ৪১ জন, খুলনা জেলায় ২৯ জন, যশোরে ২০ জন, নড়াইলে ৫ জন, ঝিনাইদহ, কুষ্টিয়া ও মাগুরায় ৩ জন করে, মেহেরপুর ও সাতক্ষীরায় ১ জন করে রোগী চিকিৎসাধীন রয়েছেন।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, বিভাগে এখন পর্যন্ত ৭ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে ৬ জন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে এবং ১ জন বাগেরহাটে মারা গেছেন।
স্বাস্থ্য বিভাগ ডেঙ্গুর বিস্তার রোধে সবাইকে মশার প্রজননস্থল ধ্বংস, জমে থাকা পরিষ্কার পানি অপসারণ, মশারি ব্যবহার এবং জ্বর দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছে।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button