স্থানীয় সংবাদ

খুলনা বিভাগে এক দিনে ৪৮ সন্দেহজনক হাম রোগী শনাক্ত

স্টাফ রিপোর্টার ঃ খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় আরও ৪৮ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে। তবে এ সময়ে নতুন করে কোনো নিশ্চিত হাম রোগী বা হামে মৃত্যুর ঘটনা ঘটেনি। বিভাগীয় স্বাস্থ্য বিভাগের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
পরিচালক (স্বাস্থ্য) দপ্তর, খুলনা বিভাগের বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল ৮টা পর্যন্ত প্রকাশিত জেলা ভিত্তিক প্রতিবেদনে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় খুলনা জেলায় সর্বোচ্চ ১১ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। এছাড়া মাগুরায় ১০ জন, ঝিনাইদহে ৮ জন, কুষ্টিয়ায় ৭ জন, বাগেরহাট ও চুয়াডাঙ্গায় ৪ জন করে এবং নড়াইল ও মেহেরপুরে ২ জন করে রোগী শনাক্ত হয়েছেন। যশোর ও সাতক্ষীরা জেলায় এ সময় নতুন কোনো সন্দেহজনক রোগী পাওয়া যায়নি।
খুলনা বিভাগ পরিচালক (স্বাস্থ্য) ডা: শেখ মো: মোশাররফ হোসেন জানান, চলতি বছরের ১৫ মার্চ থেকে ২৩ জুলাই সকাল ৮টা পর্যন্ত খুলনা বিভাগের ১০ জেলায় মোট ৮ হাজার ২৯৯ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে ৭ হাজার ৮৫৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং চিকিৎসা শেষে ৭ হাজার ৫৮৬ জন বাড়ি ফিরেছেন। এ সময় সন্দেহজনক হামে ৩২ জনের মৃত্যু হয়েছে।
একই সময়ে পরীক্ষায় ৩২৪ জনের হাম সংক্রমণ নিশ্চিত হয়েছে। তবে নিশ্চিত হামে এখন পর্যন্ত কোনো মৃত্যুর তথ্য নেই।
স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা বলছেন, হাম একটি অত্যন্ত সংক্রামক রোগ। তাই জ্বরের সঙ্গে শরীরে র‌্যাশ বা হামের উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। একই সঙ্গে শিশুদের সময়মতো এমআর (হাম-রুবেলা) টিকা নিশ্চিত করার ওপর জোর দিয়েছেন তারা। এছাড়া আক্রান্ত ব্যক্তিকে যতটা সম্ভব আলাদা রাখা এবং স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button