যুবসমাজকে মাদক, অনলাইন জুয়া ও সাইবার অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই -সংস্কৃতি বিষয়ক মন্ত্রী

খবর বিজ্ঞপ্তি ঃ সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, পুলিশ কেবল জনগণের বন্ধু ও নিরাপত্তার রক্ষকই নয়, সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়নেও বাংলাদেশ পুলিশ অগ্রণী ভূমিকা পালন করছে। জনগণের সাথে পুলিশের নিবিড় সম্পর্ক আরও সুদৃঢ় করতে কমিউনিটি পুলিশিংয়ের পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকা-ের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। মন্ত্রী গতকাল (শুক্রবার) সকালে মাগুরা নোমানী ময়দানে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ, ২০২৬ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। নিতাই রায় চৌধুরী বলেন, যুবসমাজকে মাদক, অনলাইন জুয়া, সাইবার অপরাধসহ বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি শৃঙ্খলা, নেতৃত্ব, পারস্পরিক সহযোগিতা ও দেশপ্রেমের চেতনা জাগ্রত করে। তরুণ প্রজন্মকে উগ্রবাদ, সাম্প্রদায়িকতা ও বিভিন্ন ধরনের সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ও সজাগ থাকতে হবে। অপসংস্কৃতির প্রভাব থেকে সমাজকে মুক্ত রাখতে সুস্থ সংস্কৃতিচর্চা একটি কার্যকর হাতিয়ার। এ লক্ষ্যকে সামনে রেখে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় বিভিন্ন মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরসহ নানা উদ্যোগ গ্রহণ করেছে। তিনি আরও বলেন, গ্রামবাংলার হাজার বছরের ঐতিহ্যবাহী হাডুডু, কাবাডি, দাঁড়িয়াবান্ধা, নৌকাবাইচসহ দেশীয় খেলাধুলা ও লোকঐতিহ্য আমাদের সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। এসব ঐতিহ্যবাহী খেলাধুলাকে দেশব্যাপী আরও জনপ্রিয় ও বিস্তৃত করতে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমরা জনগণের বিপুল সমর্থন নিয়ে একটি জনবান্ধব ও কল্যাণমুখী রাষ্ট্র বিনির্মাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। এ অগ্রযাত্রায় তরুণ সমাজকে ইতিবাচক ও সৃজনশীল কর্মকা-ে সম্পৃক্ত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলী। মাগুরা পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ, জেলা পরিষদের প্রশাসক আলী আহমেদ ও পৌর বিএনপির সভাপতি মো: মাসুদ হাসান খান কিজিল। এর আগে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী নোমানী ময়দানে ২১ লাখ ৫২ হাজার ৮৪৪ টাকা ব্যয়ে মাগুরা কেন্দ্রীয় শহিদ মিনার নির্মাণ কাজের উদ্বোধন করেন। বিকালে তিনি জেলা স্টেডিয়ামে ডিসি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ও বড়শলই নৌকা বাইচ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন।



