স্থানীয় সংবাদ

নগরীতে ছবি তোলাকে কেন্দ্র করে পেট্রোল পাম্পে যুবককে মারধর : তুলে নেওয়ার অভিযোগ

স্টাফ রিপোর্টার ঃ
খুলনায় মোটরসাইকেল আরোহীদের ছবি তোলাকে কেন্দ্র করে এক যুবককে মারধর করে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে। শনিবার (৭ নভেম্বর) দুপুরে নগরীর সোনাডাঙ্গা এলাকার মেসার্স গোলাম হোসেন পেট্রোল পাম্পে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী পাম্পের এক কর্মী এ তথ্য জানিয়েছেন। ওই কর্মীর ভাষ্য, ছয় থেকে সাতটি মোটরসাইকেলে কয়েকজন যুবক পেট্রোল পাম্পে তেল নিতে আসেন। এ সময় এক যুবক দূর থেকে তাঁদের ছবি তুলছিলেন। বিষয়টি নিয়ে মোটরসাইকেল আরোহীদের সঙ্গে ওই যুবকের তর্ক-বিতর্ক ও হাতাহাতি হয়। একপর্যায়ে তাঁদের পাঁচ থেকে ছয়জন ওই যুবককে মারধর করে তুলে নিয়ে যান। প্রত্যক্ষদর্শী ওই কর্মী জানান, ঘটনার সময় তিনি পাম্পে একটি গাড়িতে তেল সরবরাহ করছিলেন। পাম্পের ভেতরে গাড়ি দাঁড় করানোর স্থানের কাছেই ঘটনাটি ঘটে। তিনি নিজে পুরো ঘটনা দেখেছেন বলেও দাবি করেন। এ বিষয়ে সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, কয়েকটি মোটরসাইকেলে কয়েকজন যুবক পেট্রোল পাম্পে তেল নিতে এসেছিলেন। এ সময় এক যুবক তাঁদের ছবি তুলছিলেন। এ নিয়ে তাঁদের মধ্যে তর্ক-বিতর্ক ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে ওই যুবককে নিয়ে যাওয়ার কথা শোনা গেছে।
ওসি আরও বলেন, এ ঘটনায় থানায় এখনো কেউ লিখিত অভিযোগ করেননি। তবে খবর পেয়ে পুলিশ ঘটনাটি খতিয়ে দেখতে কাজ করছে। পুলিশের একটি দল ঘটনাস্থল-সংশ্লিষ্ট তথ্য সংগ্রহ ও খোঁজখবর নিচ্ছে। সিসিটিভি ফুটেজ পাওয়া গেছে কি না, তা জানতে চাইলে তিনি জানান, এ বিষয়ে এখনো অনুসন্ধান চলছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button