বিউটি পার্লারের কক্ষে গোপন ক্যামেরা : ৩ আসামি কারাগারে

প্রবাহ রিপোর্ট : রাজধানীর ধানমন্ডিতে ‘উইমেন্স ওয়ার্ল্ড’ নামে একটি বিউটি পার্লারের বিভিন্ন কক্ষে গোপনে সিসি ক্যামেরা বসিয়ে আপত্তিকর ভিডিও ধারণের অভিযোগে গ্রেপ্তার তিনজনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। কারাগারে যাওয়া আসামিরা হলেন- এমদাদুল হাসান (৫৩), তসলিম আরিফ ইলিয়াস (৫২) ও এইচ এম জুয়েল খন্দকার (৩৩)। গতকাল বুধবার তাদের আদালতে হাজির করে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুরুল হুদা চৌধুরী এ আদেশ দেন। মামলার অভিযোগ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার সন্ধ্যায় ভুক্তভোগী এক নারীর অভিযোগের ভিত্তিতে ধানমন্ডি থানা পুলিশ উইমেন্স ওয়ার্ল্ড বিউটি পার্লারে অভিযান চালায়। এরপর সেখান থেকে আটটি সিসি ক্যামেরা ও ক্যামেরার ডিজিটাল ভিডিও রেকর্ডিং (ডিভিআর) মেশিন জব্দ করে পুলিশ। এ ঘটনায় ধানমন্ডি থানার উপপরিদর্শক মো. একরামুল হক বাদী হয়ে উইমেন্স ওয়ার্ল্ড পার্লারের দুই মালিক তাসলিমা চৌধুরী কণা আলম ও ফারনাস আলমসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করেন। দুই মালিক এখনো গ্রেপ্তার হননি। মামলায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২ এর ৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।



