ইজতেমার আখেরি মোনাজাত আজ : বন্ধ থাকবে যেসব সড়ক

প্রবাহ রিপোর্ট : আখেরি মোনাজাতের মধ্য দিয়ে আজ রোববার শেষ হবে মুসলিম বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জমায়েত বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আনুষ্ঠানিকতা। এ উপলক্ষে গতকাল শনিবার রাত ১২টার পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের আব্দুল্লাহপুর থেকে গাজীপুর মহানগরীর ভোগড়া বাইপাস ও টঙ্গীর স্টেশন রোড থেকে কামারপাড়া পর্যন্ত সব ধরনের যান চলাচল বন্ধ থাকছে। গতকাল শনিবার সকালে ইজতেমা ময়দানে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার ইব্রাহিম সাংবাদিকদের এসব কথা বলেন। তিনি বলেন, ইজতেমার আখেরি মোনাজাত উপলক্ষে জিএমপির ট্রাফিক বিভাগকে ঢেলে সাজানো হয়েছে। যেহেতু দূর-দূরান্ত থেকে মোনাজাতে অংশগ্রহণের জন্য মুসল্লিরা আসবেন, সেহেতু গতকাল শনিবার রাত ১২টার পর থেকে কয়েকটি সড়ক বন্ধ রাখা হবে। তিনি জানান, আখেরি মোনাজাতে দেশ-বিদেশের লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেবেন। এ কারণে তাদের সুবিধার জন্য গতকাল শনিবার রাত ১২টা থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রাজধানীর আবদুল্লাহপুর থেকে গাজীপুর মহানগরীর ভোগড়া বাইপাস, আবদুল্লাহপুর থেকে কামারপাড়া রোড হয়ে গাজীপুর মহানগরীর টঙ্গী স্টেশন রোড পর্যন্ত সড়ক, আবদুল্লাহপুর থেকে আশুলিয়ার বাইপাইল পর্যন্ত এবং মিরের বাজার থেকে টঙ্গী পর্যন্ত সড়কে সকল ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে। সেক্ষেত্রে ঢাকাগামী লোকজন ও যানবাহনগুলোকে ভোগড়া বাইপাস দিয়ে ৩০০ ফিট রাস্তা ব্যবহার করে চলাচল করতে বলা হয়েছে। যেসব লোকজন ময়মনসিংহ বা গাজীপুর যাবেন, তারা বাইপাইল থেকে জয়দেবপুর চৌরাস্তা হয়ে চলে যাবেন। ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় ইমান, আমল ও আখলাককে পরিপূর্ণ শুদ্ধরূপে গড়ে তুলতে বিশ্ব ইজতেমায় শীর্ষস্থানীয় মুরুব্বিদের বয়ান শুনে কেটেছে মুসল্লিদের তৃতীয় দিন। প্রতি বছরই গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে অনুষ্ঠিত হয় মুসলিম বিশ্বের দ্বিতীয় বৃহৎ সমাবেশ বিশ্ব ইজতেমা। বিশ্ব ইজতেমায় অংশ নেয় বিভিন্ন বয়সের মুসল্লিরা। একসময় এক পর্বেই বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হতো। মুসল্লিদের সংখ্যা বেড়ে যাওয়ায় ও ময়দানে জায়গা না হওয়ায় দুই পর্বে অনুষ্ঠিত হয় বিশ্ব ইজতেমা। গত বৃহস্পতিবার বাদ জোহর আমবায়নের মধ্য দিয়ে শুরু হয় শুরায়ে নিজাম অনুসারীদের বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আনুষ্ঠানিকতা। বিশ্বের শীর্ষস্থানীয় মুরুব্বিদের বয়ান শুনতে বাংলাদেশসহ বিশ্বের ৪৭টি দেশের লাখ লাখ মুসল্লি সমবেত হয়েছেন বিশ্ব ইজতেমার ময়দানে। এখানে মুসল্লিরা ধর্মীয় শিক্ষা এবং আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় কনকনে শীত উপেক্ষা করে অংশ নিয়েছেন বিশ্ব ইজতেমায়। প্রথম পর্বের বিশ্ব ইজতেমার তৃতীয় দিন গতকাল শনিবার বাদ ফজর হিন্দিতে বয়ান করেন ভারতের মাওলানা আবদুর রহমান। পরে তার বয়ান বাংলায় তরজমা করেন বাংলাদেশের মাওলানা আবদুল মতিন। এরপর বাদ জোহর বয়ান করেন ভারতের মাওলানা ইসমাইল গোদরা। বাদ আসর বয়ান করেন ভারতের মাওলানা জুহাইরুল হাসান এবং বাদ মাগরিব বয়ান করেন ভারতের মাওলানা ইব্রাহিম দেওলা। তার বয়ানের মধ্য দিয়ে শেষ হয় প্রথম পর্বের বিশ্ব ইজতেমার তৃতীয় দিন। এর আগের দিন গত শুক্রবার বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিন দেশের সর্ববৃহৎ জুমার নামাজ অনুষ্ঠিত হয় বিশ্ব ইজতেমার ময়দানে। এখানে লাখ লাখ মুসল্লি সমবেত হয়ে এক সঙ্গে জুমার নামাজ আদায় করেন। এ নামাজের ইমামতি করেন বাংলাদেশের হাফেজ মাওলানা জুবায়ের আহমেদ।



