পাহাড়ে হেলিকপ্টার অভিযানে খুলনার মোস্তাফিজ ও ফয়সাল গ্রেপ্তার

এমপি আজীম হত্যাকাণ্ড
প্রবাহ রিপোর্ট : ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যার ঘটনায় পলাতক দুই আসামি মোস্তাফিজুর রহমান ও ফয়সাল আলীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল বুধবার এই দুই আসামিকে ধরতে পার্বত্য এলাকা খাগড়াছড়ি ও চট্টগ্রামে হেলিকপ্টার নিয়ে অভিযান চালায় পুলিশ। ভারতে চিকিৎসার জন্য গিয়ে নৃশংসভাবে খুন হন এমপি আনার। তার মরদেহ খ-বিখ- করে গুম করা হয়, এখনও যার সন্ধান মেলেনি। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে এখন পর্যন্ত বাংলাদেশে পাঁচ জন এবং ভারত ও নেপালে দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে। আলোচিত এই হত্যাকা-ে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে গতকাল বুধবার ঝিনাইদহ জেলা ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক কামাল আহমেদ বাবু ওরফে গ্যাস বাবুকে নিয়ে তিনটি মোবাইল ফোন উদ্ধারে যায় ডিবি পুলিশ। সেখানকার একাধিক পুকুর ও ডোবায় ফোন উদ্ধারে অভিযান চলছে। ডিবি পুলিশ জানিয়েছে, অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদের নেতৃত্বে গোয়েন্দাদের একাধিক দল এমপি আনার হত্যার ঘাতক দলের অন্যতম দুই পলাতক আসামি ফয়সাল ও মোস্তাফিজকে ধরতে অভিযান চালিয়েছে।



