জাতীয় সংবাদ

ববি’র শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলা আহত ১৫

প্রবাহ রিপোর্ট : কোটা সংস্কার আন্দোলনে নেতৃত্বদানকারী শিক্ষার্থীদের সভায় হামলা চালিয়ে কমপক্ষে ১৫ জনকে আহত করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা। ঘটনাটি ঘটেছে সোমবার দুপুরে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) মধ্যে গ্রাউন্ড ফ্লোরে। এরপর শিক্ষার্থীরা গেট থেকে বের হওয়ার সময় দ্বিতীয় দফায় ফের হামলা চালায় ছাত্রলীগ। আহতদের মধ্যে আন্দোলনের সমন্বয়ক সুজয় শুভসহ ১০জনকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। কোটা সংস্কার আন্দোলনের ববি সমন্বয়ক সুজয় শুভ বলেন, কোটা সংস্কার আন্দোলনে আমাদের পরবর্তী কর্মপরিকল্পনা নির্ধারণে ২০জন শিক্ষার্থী ববির গ্রাউন্ড ফ্লোরে সভা করছিলাম। এ সময় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা একে আরাফাতের নেতৃত্বে ২৫/৩০ জন ছাত্রলীগ নেতাকর্মীরা লাঠি, রড ও পাইপ নিয়ে আমাদের ওপর হামলা চালায়। এ সময় ছাত্রলীগ কর্মী মাহমুদুল হাসান তমাল, আল সামাদ শান্ত, খালেদ হাসান, শাহরিয়ার সান, সাব্বির, জাইফ, সাইফ, শরিফুল ইসলাম, রাকিবুল ইসলামকে আমরা সনাক্ত করতে পেরেছি। হামলার পর ক্যাম্পাস থেকে চলে যাওয়ার সময় দ্বিতীয় দফায় আমাদের ওপর হামলা চালানো হয়। হামলায় কমপক্ষে ১৫ শিক্ষার্থী আহত হয়েছে। সুজয় শুভ অভিযোগ করেন, আমাদের সভাকে কেন্দ্র করে সকাল থেকেই পুলিশ, বিজিবি ও র‌্যাব ক্যাম্পাসের সামনে অবস্থান নেয়। তাদের সামনে বসেই আমাদেও বেধরক মারধর করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা।
বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুর রহমান মুকুল বলেন, কোটা সংস্কার আন্দোলনের মিটিং শেষ দিকে ছিলো। তখন কোটা সংস্কার নিয়ে সরকারের প্রজ্ঞাপনকে সমর্থন জানানো কিছু শিক্ষার্থী গেট দিয়ে প্রবেশ করে। এ সময় কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থী ও অন্য এক গ্রুপের শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। তারা ছাত্রলীগ কিনা তা বলতে পারবো না, তবে তারাও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। এ বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা অভিযুক্ত একে আরাফাতের মোবাইল নাম্বারে একাধিক যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন বন্ধ থাকায় কোন বক্তব্য পাওয়া যায়নি। অপরদিকে কোটা আন্দোলনকারী বরিশালের শিক্ষার্থীরা ফের সড়কে ঘন্টাব্যাপী বিক্ষোভ মিছিল করেছেন। ঢাকায় ডিবি কার্যালয়ে জোরপূর্বক আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেওয়ানোর অভিযোগ এনে সমন্বয়কদের বাড়ি থেকে তুলে নেওয়ার প্রতিবাদে শিক্ষার্থীরা সড়কে বিক্ষোভ করতে নামেন। বেলা সাড়ে বারোটার দিকে আকস্মিক শিক্ষার্থীরা নগরীর কেন্দ্রীয় বাস টার্মিনাল নথুল্লাবাদে ঘন্টাব্যাপী অবস্থান নিয়ে বিক্ষোভ করে চলে যান। গ্রাফিতি এঁকে প্রতিবাদ ॥ কোটা সংস্কার আন্দোলনে পুলিশ ও ছাত্রলীগের হামলা, গুম-হত্যার বিচার, ক্যাম্পাস খুলে দেওয়া ও মামলা প্রত্যাহারের দাবিতে গ্রাফিতি এঁকে প্রতিবাদ জানিয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) আন্দোলনকারী শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবনের নিচতলায় নানা গ্রাফিতি অঙ্কনের মাধ্যমে শিক্ষার্থীরা এ প্রতিবাদ কর্মসূচি পালন করেন। গ্রাফিতি অঙ্কনে তারা মৃত আবু সাঈদ সহ বিভিন্ন বিষয়বস্তু তুলে ধরেন। পাশাপাশি শিক্ষার্থীরা বিভিন্ন শ্লোগানে দেয়াল লিখন লেখেন। দেয়ালে লিখন সম্পর্কে আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, শিক্ষার্থীদের ওপর যতোই অত্যাচার হোক না কেন, ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত শিক্ষার্থীদের দমিয়ে রাখা যাবেনা। এতে সারাদেশে শিক্ষার্থী ও সাধারণ মানুষের ওপর চলমান বর্বরতার প্রতিবাদে আমরা গ্রাফিতি অঙ্কন কর্মসূচি পালন করছি।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button