রাজধানীতে যুবকের লাশ উদ্ধার

প্রবাহ রিপোর্ট : রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় ককশিটের ভেতর থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে নিহত যুবকের নাম নুরুন্নবী। গতকাল শুক্রবার যাত্রাবাড়ী থানার এসআই মো. ওয়াসিম বিল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, দুপুর ১২টার দিকে সংবাদের পরিপ্রেক্ষিতে যাত্রাবাড়ী থানাধীন ডেমরা সড়কে অবস্থিত সবজি আড়তের পাশে ওভার ব্রিজের নিচে ককশিটের ভেতর থেকে নুরুন্নবী নামে ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে জানা গেছে, নিহত যুবক চট্টগ্রাম চকরিয়া এলাকার বাসিন্দা। বর্তমানে থাকতেন শনিরআখড়া এলাকায়। তিনি আরও জানান, নিহতের শরীরের একাধিক আঘাতের চিহ্ন দেখা গেছে। ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা তাকে হত্যা করে ককশিটের ভেতরে লাশ রেখে গুম করার জন্য ওই স্থানে ফেলে যায়। আইনি প্রক্রিয়া শেষে লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।



