জাতীয় সংবাদ

রাঙামাটির সীমান্ত সড়ক থেকে গাড়িসহ খাদে পড়ে নিহত ২

প্রবাহ রিপোর্ট ঃ রাঙামাটির রাজস্থলীর সীমান্ত সড়কে চাঁদের গাড়ি (জিপ) খাদে পড়ে ২ জন নিহত হয়েছেন। এ সময় আরও ৬ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। গত মঙ্গলবার সন্ধ্যায় থুমপাড়া জুরাছড়ি উপজেলার পানকাটা ছড়া যাওয়ার পথে একটি চাঁদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলার বালুমুড়া গ্রামের বাসিন্দা পুচিংমং মারমার ছেলে চিনিমং মারমা (২০) ও মনু চাকমা নামে আরেক ব্যক্তি। গুরুতর আহতদের মধ্যে রয়েছেন কালাকেতু (৫০) বর্ম চাকমা (২০) বস্তা চাকমা (৪৫) দলাইয়ে চাকমা (৪০) কেচিনো মারমা (৩৮) ও সুরেশ চাকমা (২৫)। তারা সকলে জুরাছড়ি এলাকার একই গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। স্থানীয়রা জানান, বিলাইছড়ি-রাজস্থলীর সীমান্ত সড়কের কাজ শেষ করে চাঁদের গাড়িটি বিলাইছড়ি উপজেলার ফারুয়া বাজার থেকে বাজার করে গন্তব্যের উদ্দেশে যাচ্ছিল। পানকাটা ছড়া নামক এলাকায় এসে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি গভীর খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই গাড়িচালকের মৃত্যু হয়। এ সময় স্থানীয়রা আহত সাত জনকে উদ্ধার করে রাজস্থলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পথে আরেকজনের মৃত্যু হয়। আহতদের মধ্যে চার জনের অবস্থা গুরুতর হওয়াতে উন্নত চিকিৎসার জন্য তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান মেডিকেল অফিসার সৌমেন্দ্র নাথ। ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজস্থলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক সৌমেন্দ্র নাথ জানান, গত মঙ্গলবার রাতে হাসপাতালে দুর্ঘটনাকবলিত এলাকা থেকে আট জন রোগী আনা হলে ২ জনকে মৃত পাওয়া যায়। অপর ৬ জনের মধ্যে চার জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি দুজন চিকিৎসাধীন রয়েছেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button